কালীপুজোর ভিড়ে শ্লীলতাহানি! উদয়নারায়ণপুরে সিভিক ভলান্টিয়ারের লালসার শিকার হয়ে প্রাণ দিল কিশোরী

কালীপুজোর আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে। উৎসবের ভিড়ে এক কিশোরীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠল খোদ এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। আর সেই অপমানের জ্বালা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিল নাবালিকা। হাওড়ার উদয়নারায়ণপুরের এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অভিযুক্ত ওই সিভিক ভলান্টিয়ারকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আমতার এক কালীপুজোর অনুষ্ঠানে মায়ের সঙ্গে গিয়েছিল ওই কিশোরী। অভিযোগ, সেখানেই তার পিছু নেয় পেঁড়ো থানার ওই সিভিক ভলান্টিয়ার। ভিড়ের সুযোগ নিয়ে সে কিশোরীর শ্লীলতাহানি করে। ঘটনাস্থলেই চিৎকার-চেঁচামেচি হয়, স্থানীয়রা প্রতিবাদে সরব হন। অত্যন্ত অপমানিত বোধ করে বাড়ি ফিরে আসে ওই কিশোরী। রাত্রে খাওয়া-দাওয়া করে নিজের ঘরে ঘুমাতে গেলেও, মানসিকভাবে সে যে কতটা ভেঙে পড়েছিল তা বুঝতে পারেননি বাড়ির লোক। পরদিন ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

এই ঘটনার জানাজানি হতেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। উত্তেজিত জনতা দোষী সিভিক ভলান্টিয়ারের কঠোর শাস্তির দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতের বিরুদ্ধে পকসো (POCSO) আইন এবং আত্মহত্যার প্ররোচনা দেওয়ার মামলা রুজু করা হয়েছে। রক্ষকের এহেন ঘৃণ্য আচরণে ক্ষোভে ফুঁসছে গোটা উদয়নারায়ণপুর।

Saheli Saha
  • Saheli Saha