“অ্যাডমিট কার্ডে কুকুরের ছবি!”-সরকারি চাকরির পরীক্ষায় বড় গাফিলতির অভিযোগ

বিহারের সরকারি নিয়োগের বেহাল দশা ফের একবার প্রকাশ্যে এল। চার বছর ধরে হাপিত্যেশ করে বসে থাকার পর পরীক্ষার অ্যাডমিট কার্ড হাতে পেতেই চক্ষু চড়কগাছ পরীক্ষার্থীর। নিজের ছবির জায়গায় তিনি দেখলেন এক মিষ্টি ‘গোল্ডেন রিট্রিভার’ প্রজাতির কুকুরের ছবি জলজল করছে! বিহারের এই আজব কাণ্ডে এখন সোশ্যাল মিডিয়ায় হাসির রোল উঠলেও, কান্নায় ভেঙে পড়েছেন ভুক্তভোগী যুবক।
কী ঘটেছিল ঠিক? ২০২২ সালে বিহারের জেলা ও দায়রা আদালতে পিওন (Peon) পদের নিয়োগের জন্য আবেদন করেছিলেন রীতেশ কুমার। দীর্ঘ চার বছরের দীর্ঘসূত্রিতা কাটিয়ে আগামী ১৫ মার্চ সেই পরীক্ষার দিন ধার্য হয়েছে। কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতেই দেখা যায়, রীতেশের পেশিবহুল চেহারার বদলে সেখানে স্থান পেয়েছে একটি সারমেয়। রীতেশের দাবি, তিনি আবেদনের সময় সঠিক ছবিই আপলোড করেছিলেন, যার প্রমাণও তাঁর কাছে রয়েছে।
দুশ্চিন্তায় পরীক্ষার্থী: রীতেশ জানিয়েছেন, এই ঘটনার পর তিনি এলাকায় হাসির পাত্র হয়ে উঠেছেন। একদিকে সামাজিক অপমান, অন্যদিকে চার বছরের পরিশ্রম বিফলে যাওয়ার ভয়—সব মিলিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ওই যুবক। তিনি বলেন, “ছবি সংশোধনের জন্য বারবার দপ্তরে জানিয়েও কোনো লাভ হয়নি। ১৫ তারিখ এই কুকুরের ছবি নিয়ে পরীক্ষা কেন্দ্রে গেলে আমাকে কি ঢুকতে দেওয়া হবে?”
প্রশাসনের গাফিলতি নিয়ে প্রশ্ন: বিহারের সরকারি নিয়োগ বোর্ডের এমন চরম দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন চাকরিপ্রার্থীরা। ৪ বছর সময় পেয়েও আবেদনপত্রগুলি কেন সঠিকভাবে যাচাই করা হলো না, তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এখন শেষ মুহূর্তে রীতেশের অ্যাডমিট কার্ড সংশোধন হয় নাকি তাঁর চার বছরের স্বপ্ন মাঝপথেই থমকে যায়, সেটাই দেখার।