হরমুজে ভারতের জয়! জয়শঙ্কর-ইরান বৈঠকে মিলল ছাড়পত্র, আমেরিকার রক্তচাপ বাড়িয়ে পাশা উল্টে দিল দিল্লি!

পশ্চিম এশিয়ার রণক্ষেত্রে চরম উত্তেজনার মাঝেই ভারতের জন্য এল বড় কূটনৈতিক সাফল্য। রাশিয়া ও চিনের পর তৃতীয় দেশ হিসেবে হরমুজ প্রণালী (Strait of Hormuz) ব্যবহারের বিশেষ অনুমতি পেল ভারত। আন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রে খবর, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ইরানের বিদেশমন্ত্রীর মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকের পরেই এই সবুজ সংকেত মিলেছে। এর ফলে ভারতের দুটি ওয়েল ট্যাঙ্কার, ‘পুষ্পক’ ও ‘পরিমল’ এখন কোনো বাধা ছাড়াই রণকৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ পারাপার করছে।
যুদ্ধ পরিস্থিতির দোহাই দিয়ে ইরান বর্তমানে এই প্রণালীটি ইউরোপ, আমেরিকা ও ইজরায়েলের জাহাজের জন্য সম্পূর্ণ বন্ধ করে রেখেছে। এর জেরে বিশ্বজুড়ে জ্বালানি তেলের তীব্র সঙ্কট ও মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে। ভারত তার তেলের চাহিদার বড় অংশ মেটানোর জন্য রাশিয়ার ওপর নির্ভর করলেও, হরমুজ প্রণালী বন্ধ থাকায় পরিবহণে সমস্যা হচ্ছিল। গত মঙ্গলবার এস জয়শঙ্করের মধ্যস্থতায় ইরান আশ্বস্ত করেছে যে, ভারতীয় ট্যাঙ্কারগুলিকে কোনোভাবেই আক্রমণ করা হবে না, বরং তাদের সবরকম সহযোগিতা করা হবে। তবে একটি শর্তও রাখা হয়েছে—যদি আমেরিকা বা ইজরায়েলের মতো দেশ থেকে তেল বহন করা হয়, তবে সেই ট্যাঙ্কার নিয়ন্ত্রণ করবে ইরান।
কূটনীতি বিশেষজ্ঞরা এই ঘটনাকে ভারতের বিশাল ‘কূটনৈতিক জয়’ হিসেবে দেখছেন। বিশেষজ্ঞ শুভাশিষ বন্দ্যোপাধ্যায়ের মতে, তেহরান বুঝতে পেরেছে যে বর্তমান পরিস্থিতিতে নয়াদিল্লির সঙ্গে সুসম্পর্ক রাখা তাদের জন্যও জরুরি। এই সিদ্ধান্ত প্রমাণ করে যে, বিশ্বমঞ্চে ভারত তার ভারসাম্য রক্ষার রাজনীতি এবং আলোচনার মাধ্যমে জটিল সমস্যার সমাধানে কতটা পারদর্শী। ভারতের এই বিশেষ সুবিধা লাভের ফলে আমেরিকা ও ইজরায়েলের ওপর যে বাড়তি চাপ তৈরি হবে, তা বলাই বাহুল্য।