নীরব ঘাতক কিডনি রোগ! ১৩ কোটি ভারতীয় আক্রান্ত, বিশ্ব কিডনি দিবসে বড় বিপদের সতর্কতা!

আজকের অনিয়মিত জীবনযাত্রা এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ—কিডনির ওপর মারাত্মক প্রভাব ফেলছে। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী, দীর্ঘস্থায়ী কিডনি রোগ (CKD) এখন বিশ্বব্যাপী মৃত্যুর নবম প্রধান কারণ। উদ্বেগের বিষয় হলো, ভারতে বর্তমানে প্রায় ১৩৮ মিলিয়ন মানুষ এই রোগে আক্রান্ত, যা চিনের পরেই বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। আজ, ১২ মার্চ ‘বিশ্ব কিডনি দিবস’-এ চিকিৎসকরা সাধারণ মানুষকে এই ‘নীরব ঘাতক’ সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছেন।

দিল্লির সিকে বিড়লা হাসপাতালের প্রখ্যাত নেফ্রোলজিস্ট ডাঃ বিক্রম কালরা জানিয়েছেন, কিডনি রোগের সবচেয়ে ভীতিজনক দিক হলো এর লক্ষণগুলি শুরুতে ধরা পড়ে না। যখন শরীরে ফোলাভাব, ক্লান্তি বা প্রস্রাবের সমস্যা দেখা দেয়, তখন সাধারণত অনেকটা দেরি হয়ে যায়। চিকিৎসকদের মতে, মুড়ি-মুড়কির মতো ব্যথানাশক ওষুধ (NSAIDs) খাওয়ার অভ্যাস কিডনি বিকল হওয়ার অন্যতম বড় কারণ। এছাড়া অতিরিক্ত জল খাওয়ার ভ্রান্ত ধারণা এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিসও কিডনির ওপর বাড়তি চাপ তৈরি করছে। কিডনি সুস্থ রাখতে নিয়মিত ব্লাড ক্রিয়েটিনিন এবং ইউরিন টেস্ট করানো জরুরি। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের বছরে অন্তত একবার কিডনি পরীক্ষা করানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সঠিক খাদ্যাভ্যাস এবং শরীরচর্চাই পারে এই মারণ রোগকে দূরে সরিয়ে রাখতে।

Saheli Saha
  • Saheli Saha