‘এক ঘণ্টার খেলা শেষ’! ইরান যুদ্ধে আমেরিকার জয় ঘোষণা ট্রাম্পের, ধ্বংস ৫৮টি যুদ্ধজাহাজ!

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কার্যত চূড়ান্ত বিজয় অর্জন করেছে বলে দাবি করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার কেনটাকির হেবরনে এক বিশাল জনসভায় সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি ঘোষণা করেন যে, যুদ্ধের গতিপ্রকৃতি অভিযানের প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই নির্ধারিত হয়ে গিয়েছিল। ট্রাম্পের মতে, মার্কিন সামরিক বাহিনীর দাপটে ইরানের প্রতিরোধ ক্ষমতা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে জানান, “সাধারণত সময়ের আগে জয়ের কথা বলা ঠিক নয়, কিন্তু আমরা জিতেছি। যুদ্ধের প্রথম এক ঘণ্টার মধ্যেই সব শেষ হয়ে গিয়েছিল।” তিনি দাবি করেন, তেহরানের সামরিক শক্তির মেরুদণ্ড ভেঙে দিয়েছে ওয়াশিংটন। বিশেষ করে ইরানের নৌ-বাহিনীকে ‘পঙ্গু’ করে দেওয়ার দাবি তুলে ট্রাম্প জানান, মার্কিন অভিযানে ইরানের অন্তত ৫৮টি যুদ্ধজাহাজ ও নৌ-যান ধ্বংস করা হয়েছে। একে তিনি তেহরানের ওপর একটি ‘নির্ধারক আঘাত’ হিসেবে বর্ণনা করেছেন।
তবে জয় ঘোষণা করলেও এখনই মধ্যপ্রাচ্য থেকে সেনা প্রত্যাহারের পথে হাঁটছে না হোয়াইট হাউস। ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে, ‘মিশন’ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত মার্কিন সেনারা ওই অঞ্চলে মোতায়েন থাকবে। তড়িঘড়ি সেনা সরিয়ে কোনো নিরাপত্তা ঝুঁকি নিতে চায় না প্রশাসন। ভাষণের এক পর্যায়ে অভিযানের নামকরণ নিয়ে রসিকতা করতে দেখা যায় ট্রাম্পকে। তিনি জানান, প্রস্তাবিত ২০টি নামের তালিকায় থাকা কোনো নামই তাঁর পছন্দ হচ্ছিল না। শেষ পর্যন্ত ‘অপারেশন এপিক ফিউরি’ (Operation Epic Fury) নামটি তিনি নিজেই বেছে নেন। ট্রাম্পের ভাষায়, “নাম তখনই ভালো শোনায় যখন আপনি জয়ী হন। আর আমরা জিতেছি!” তাঁর এই মন্তব্যের পর উপস্থিত জনতা তুমুল করতালিতে ফেটে পড়ে।