গ্যাস নেই, দীর্ঘ লাইন! কালোবাজারি রুখতে ময়দানে লালবাজার, জারি কড়া নির্দেশিকা!

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবার সরাসরি প্রভাব ফেলল ভারতের সাধারণ মানুষের হেঁশেলে। ইরান বনাম আমেরিকা ও ইজরায়েলের রক্তক্ষয়ী সংঘাতের জেরে দেশে দেখা দিয়েছে এলপিজি (LPG) এবং সিএনজি (CNG)-র তীব্র আকাল। রান্নার গ্যাস থেকে শুরু করে বাণিজ্যিক সিলিন্ডার—সর্বত্রই জোগানে টান। এর মধ্যেই বাড়ানো হয়েছে গ্যাসের দাম, যা সাধারণ মধ্যবিত্তের নাভিশ্বাস তুলে দিয়েছে। পরিস্থিতি এতটাই জটিল যে, ডিস্ট্রিবিউটারদের অফিসের সামনে ভোর থেকে রাত পর্যন্ত তিল ধারণের জায়গা নেই। বুকিং করেও মিলছে না সিলিন্ডার।

পশ্চিমবঙ্গে এই সঙ্কট ভয়াবহ আকার ধারণ করায় সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়ছে রাস্তায়। বিশেষ করে বাণিজ্যিক সিলিন্ডার না পাওয়ায় মাথায় হাত ব্যবসায়ীদের। অটো চালকরাও এলপিজির জন্য পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দিন কাটাচ্ছেন। এই চরম বিশৃঙ্খলার সুযোগ নিয়ে যাতে অসাধু চক্র সক্রিয় না হতে পারে, তার জন্য নজিরবিহীন পদক্ষেপ করল কলকাতা পুলিশ। লালবাজারের পক্ষ থেকে শহরের প্রতিটি থানার ওসির কাছে বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছে।

লালবাজার জানিয়েছে, গ্যাসের কালোবাজারি রুখতে কড়া নজরদারি চালাতে হবে। বিশেষ করে ঘরোয়া সিলিন্ডার যাতে বেআইনিভাবে বাণিজ্যিক কাজে ব্যবহার না করা হয়, সেদিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে। ডিস্ট্রিবিউটার অফিস এবং পেট্রোল পাম্পগুলোতে আইন-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত টহল দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ প্রশাসন। এমনকি পুলিশ ব্যারাকগুলোতেও গ্যাসের সাশ্রয় করতে বিকল্প হিসেবে ইন্ডাকশন বা মাইক্রোওয়েভ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। যুদ্ধের আবহে এই জ্বালানি সঙ্কট আগামী দিনে আরও গভীর হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

Saheli Saha
  • Saheli Saha