ভারতের কপালে চিন্তার ভাঁজ! ট্রাম্পের নতুন ‘তদন্ত’ কি আমদানিতে বড় কোপ?

আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্যিক সুসম্পর্কে কি বড়সড় ফাটল ধরতে চলেছে? বিশ্ব রাজনীতিতে ফের একবার বাণিজ্য যুদ্ধের দামামা বাজিয়ে ভারতসহ ১৬টি দেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিল হোয়াইট হাউস। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিযোগ, এই দেশগুলি আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ম লঙ্ঘন করছে। ফলে এবার তদন্তের জালে ভারত ও দক্ষিণ এশিয়ার একাধিক গুরুত্বপূর্ণ রাষ্ট্র।

গত বুধবার মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রির জানিয়েছেন, ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই তদন্ত প্রক্রিয়া শুরু করা হচ্ছে। তদন্তের মূল উদ্দেশ্য হলো, এই দেশগুলি অন্যায্য বাণিজ্যিক সুবিধা গ্রহণ করছে কি না তা খতিয়ে দেখা। যদি তদন্তে কোনো অসঙ্গতি বা নিয়মভঙ্গ ধরা পড়ে, তবে সংশ্লিষ্ট দেশগুলির পণ্যের ওপর চড়া হারে আমদানি শুল্ক চাপাবে ওয়াশিংটন।

এই ১৬টি দেশের তালিকায় ভারতের পাশাপাশি রয়েছে চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান এবং ইউরোপীয় ইউনিয়নের মতো প্রভাবশালী শক্তি। এছাড়াও নজরদারিতে রাখা হয়েছে বাংলাদেশ, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামের মতো ক্রমবর্ধমান অর্থনীতিগুলিকে। সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের জারি করা বৈশ্বিক শুল্ক নিয়ে কিছু আইনি জটিলতা তৈরি করার পর, ট্রাম্প প্রশাসন ১২২ ধারার অধীনে ১৫০ দিনের জন্য সাময়িকভাবে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। গ্রির আশা করছেন, আগামী জুলাই মাসের মধ্যেই তদন্ত শেষ হবে এবং নতুন দীর্ঘমেয়াদী শুল্ক কাঠামো কার্যকর হবে। এর ফলে ভারতের টেক্সটাইল, তথ্যপ্রযুক্তি এবং কৃষি পণ্যের রফতানি বাজার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Saheli Saha
  • Saheli Saha