বিজয়-রশ্মিকার বিয়ের অদেখা ভিডিও ফাঁস! দেওর আনন্দের সঙ্গে জমিয়ে নাচলেন নবদম্পতি

দক্ষিণী সিনেমার ‘পাওয়ার কাপল’ বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানার বিয়ের রেশ কাটছেই না। গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয় কায়দায় সাত পাকে বাঁধা পড়েছেন এই তারকা জুটি। আর এবার তাঁদের বিয়ের অনুষ্ঠানের একটি অত্যন্ত মিষ্টি ও ঘরোয়া ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেটিজেনদের চমকে দিলেন বিজয়ের ভাই, অভিনেতা আনন্দ দেবেরাকোন্ডা।

ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, দাদা বিজয় এবং বৌদি রশ্মিকার সঙ্গে পা মেলাচ্ছেন আনন্দ। উপলক্ষ ছিল আনন্দের আগামী তেলুগু ছবি ‘এপিক: ফার্স্ট সেমিস্টার’-এর প্রথম গান ‘সঞ্চারমে’-র প্রমোশন। বিয়ের সাজেই তিনজনকে এই ট্র্যাকে মন খুলে নাচতে দেখা গেছে। ভিডিওটি শেয়ার করে আনন্দ লিখেছেন, “দেখতে একটু হট্টগোল মনে হলেও, ‘সঞ্চারমে’ শোনার মুহূর্তে আমরা সত্যিই খুব খুশি ছিলাম। আর ভালোবাসার মানুষদের সঙ্গে ঘুরতে যাওয়া আর নাচ করার চেয়ে বেশি আনন্দের আর কী হতে পারে?”

উল্লেখ্য, বিজয় ও রশ্মিকার বিয়েতে শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুরা উপস্থিত থাকলেও, পরবর্তী রিসেপশন পার্টিতে চলচ্চিত্র ও রাজনৈতিক জগতের নক্ষত্র সমাবেশ ঘটেছিল। গত ৯ মার্চ মুক্তি পেয়েছে ‘সঞ্চারমে’ গানটি, যা ইতিমধ্যেই চার্টে ঝড় তুলেছে। প্রখ্যাত গীতিকার গোরেটি বেঙ্কন্নার লেখা এই গানে সুর দিয়েছেন ও কণ্ঠ মিলিয়েছেন হেশাম আব্দুল ওয়াহাব। গানটির শুটিং হয়েছে লন্ডনের মনোরম রাস্তায়, যেখানে ভারতীয় পড়ুয়াদের জীবনযাত্রাকে তুলে ধরা হয়েছে। ‘বেবি’ ছবির বিপুল সাফল্যের পর এই ছবিতে আবারও বৈষ্ণবী চৈতন্যের সঙ্গে জুটি বেঁধেছেন আনন্দ দেবেরাকোন্ডা। আদিত্য হাসন পরিচালিত এই ছবিটি প্রযোজনা করছেন সূর্যদেবারা নাগা ভামসি এবং সাই সৌজন্য।

Saheli Saha
  • Saheli Saha