বাংলার ৬ বিধানসভায় নতুন ভোটার শূন্য, ভোটে আগ্রহ নেই কি Gen Z-র?

নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় এক অদ্ভুত ও উদ্বেগজনক চিত্র ধরা পড়ল উত্তর ২৪ পরগনা জেলায়। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি যখন তুঙ্গে, তখন দেখা যাচ্ছে জেলার একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে নতুন ভোটারের সংখ্যা ‘বিগ জিরো’ বা শূন্য। গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত তালিকায় এই তথ্য সামনে আসতেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তোলপাড় শুরু হয়েছে।
কোথায় কোথায় নতুন ভোটার নেই? কমিশনের তথ্য অনুযায়ী, জেলার বাদুড়িয়া, হাবড়া, নৈহাটি, নোয়াপাড়া, দমদম এবং বসিরহাট উত্তর—এই ৬টি বিধানসভা কেন্দ্রে গত দুই মাসে একজনও নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার জন্য ‘ফর্ম-৬’ জমা দেননি। এমনকি গাইঘাটা কেন্দ্রে নতুন ভোটারের সংখ্যা মাত্র ১! ১৬ ডিসেম্বর ২০২৫-এ খসড়া তালিকা প্রকাশের পর দীর্ঘ সময় দেওয়া হলেও, এই কেন্দ্রগুলোতে নতুন প্রজন্মের অংশগ্রহণ না থাকাটা বড়সড় রহস্য তৈরি করেছে।
বৈপরীত্যের ছবি: একই জেলায় যখন ৬টি কেন্দ্রে খাতা খোলেনি, তখন সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেছে শহরতলিতে। নতুন ভোটার তালিকায় দাপট দেখিয়েছে বিধাননগর (৩,৩৯৮ জন) এবং রাজারহাট নিউটাউন (২,৫৪৩ জন)। গ্রামীণ ও শহরতলি এলাকার এই বিশাল পার্থক্য কি কেবল সচেতনতার অভাব, না কি এর নেপথ্যে অন্য কোনো সামাজিক কারণ লুকিয়ে আছে?
কেন এই অনীহা? সাধারণত নতুন ভোটারদের বড় অংশই হল ১৮ বছর বয়সী তরুণ প্রজন্ম। প্রশাসনিক আধিকারিকদের মতে, এলাকায় প্রচার চালানো সত্ত্বেও কেন আবেদন জমা পড়ল না, তা খতিয়ে দেখা হচ্ছে। অনেকে মনে করছেন, আবেদন প্রক্রিয়ার জটিলতা বা তরুণ প্রজন্মের একাংশের রাজনীতির প্রতি অনীহা এর কারণ হতে পারে। তবে বিধানসভা নির্বাচনের আগে এই ‘শূন্য’ পরিসংখ্যান ভোটার সচেতনতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।