গ্যাস নিয়ে কেন্দ্রকে কড়া তোপ মমতার! চালু হচ্ছে ‘গ্রিন চ্যানেল’, বাংলায় তৈরি গ্যাস বাইরে পাঠানোয় নিষেধাজ্ঞা

দেশজুড়ে চলা তীব্র রান্নার গ্যাসের সংকট মোকাবিলায় এবার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে গ্যাস কোম্পানি এবং প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে এক জরুরি বৈঠকের পর মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, বাংলার মানুষের হেঁশেল সামলানোই এখন তাঁর সরকারের প্রথম অগ্রাধিকার। কেন্দ্রীয় সরকারের ‘২৫ দিনের ব্যবধানে বুকিং’ নিয়মের ফলে তৈরি হওয়া জনমানসের আতঙ্ক কাটাতে একগুচ্ছ কড়া ও গঠনমূলক পদক্ষেপের ঘোষণা করেছেন তিনি।

মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, হলদিয়া, কোলাঘাট বা দুর্গাপুরের মতো রাজ্যের রিফাইনারিগুলোতে যে গ্যাস উৎপাদিত হচ্ছে, তা আপাতত ভিনরাজ্যে পাঠানো যাবে না। তিনি বলেন, “বাইরের লোক আমাদের দেবে না, তাই আগে নিজের ঘর সামলাব।” সরবরাহ দ্রুত করতে রাজ্যে ‘গ্রিন চ্যানেল’ তৈরি করা হচ্ছে, যাতে গ্যাসের গাড়ি কোনো বাধা ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পারে। পাশাপাশি, মজুতদারি ও কালোবাজারি রুখতে পুলিশ ও প্রশাসনকে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন তিনি। তবে অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, “এটা টাকা রোজগারের সময় নয়, বিপদে মানুষের পাশে দাঁড়ানোর সময়। দয়া করে মজুত করবেন না।”

বৈঠকে উঠে এসেছে যে, আতঙ্কের কারণে গ্যাসের চাহিদা ২ লক্ষ থেকে বেড়ে ৬ লক্ষ ছাড়িয়েছে, যার ফলে সার্ভার বিকল হয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যাঁদের একটি মাত্র সিলিন্ডার (Single Connection), তাঁদের যেন অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত সরবরাহ করা হয়। এছাড়া হোটেল, রেস্তোরাঁ ও হোম ডেলিভারি সংস্থাগুলোর জন্য অন্তত ২ শতাংশ গ্যাসের কোটা রাখার প্রস্তাব দিয়েছেন তিনি, যাতে সাধারণ মানুষের খাবারের জোগান বন্ধ না হয়। আগামী কাল বিকেল ৪টেয় জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে ফের ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। প্রতিটি জেলায় পরিস্থিতি সামলাতে ‘নোডাল অফিসার’ নিয়োগের নির্দেশও দেওয়া হয়েছে নবান্নের তরফে।