গ্যাস সিলিন্ডার নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের! বুকিংয়ের ৪৮ ঘণ্টাতেই মিলবে ডেলিভারি, জানুন নতুন নিয়ম

পশ্চিম এশিয়ায় যুদ্ধকালীন পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কায় বিশ্বজুড়ে জ্বালানি সংকটের কালো মেঘ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ভারতের সাধারণ মানুষের উদ্বেগ কাটাতে বুধবার বড়সড় আশ্বাস দিল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশে গৃহস্থালির জন্য এলপিজি (LPG) সরবরাহে কোনও ঘাটতি হবে না। গ্রাহকদের আশ্বস্ত করে বলা হয়েছে, রান্নার গ্যাস বুকিং করার মাত্র দু’ থেকে আড়াই দিনের মধ্যেই তা বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

সরকার স্পষ্ট জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা থাকলেও ভারতে রান্নার গ্যাসের ১০০ শতাংশ সরবরাহ নিশ্চিত করা হবে। তবে অকারণে গ্যাস সিলিন্ডার মজুত করা রুখতে বুকিংয়ের নিয়মে কিছুটা কড়াকড়ি করা হয়েছে। আগে যেখানে একটি সিলিন্ডার নেওয়ার ২১ দিন পর পরবর্তী বুকিং করা যেত, এখন সেই ব্যবধান বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে। সরকারের একটি অন্তর্বর্তী প্যানেল জানিয়েছে, অনেক ক্ষেত্রে ভুল তথ্যের ভিত্তিতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে বেশি গ্যাস বুক করছেন, যা কাম্য নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে ‘এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট’ বা অত্যাবশ্যকীয় পণ্য আইন প্রয়োগ করা হতে পারে।

বর্তমানে ভারতের মোট আমদানিকৃত এলপিজির ৯০ শতাংশই আসে হরমুজ প্রণালী দিয়ে। সংকট মোকাবিলায় দেশীয় উৎপাদন ২৫ শতাংশ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। সরকার জানিয়েছে, গৃহস্থালির পাশাপাশি হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও গ্যাস সরবরাহে অগ্রাধিকার দেওয়া হবে। তবে বাণিজ্যিক ক্ষেত্রে সরবরাহে কিছুটা কাটছাঁট হতে পারে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন, বিভিন্ন বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির প্রক্রিয়া জারি রয়েছে। দিল্লিতে একটি সিলিন্ডারের দাম বর্তমানে প্রায় ৯১৩ টাকা। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও ভর্তুকি দিয়ে তা সাধারণ মানুষের নাগালে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্র। তাই দেশবাসীকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।