আদিবাসী সমাজ বনাম মমতা: রাষ্ট্রপতির উত্তরবঙ্গ সফর ঘিরে সংঘাত চরমে, ভোটের মুখে বড় বিপাকে ঘাসফুল

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান করার অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল আদিবাসী তথা তফসিলি জাতি ও উপজাতি সমাজ। বুধবার আসানসোলের কুলটি বিধানসভার নিয়ামতপুরে শালকানালি মোড়ে শয়ে শয়ে আদিবাসী মানুষ জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, এই অপমানের বদলা নিতে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে রাজ্য থেকে ‘উপড়ে ফেলবেন’ তাঁরা।

বিক্ষোভের মূলে রয়েছে রাষ্ট্রপতির সাম্প্রতিক উত্তরবঙ্গ সফর। গত ৭ মার্চ আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের সম্মেলনে যোগ দিয়েছিলেন রাষ্ট্রপতি। অভিযোগ, সেই অনুষ্ঠানে রাজ্যের তরফে মুখ্যমন্ত্রী বা তাঁর কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না। স্বয়ং রাষ্ট্রপতি আক্ষেপ করে বলেছিলেন, “মমতাকে বোনের মতো মনে করি, জানি না কেন আমার ওপর ওঁর রাগ!” এছাড়াও রাষ্ট্রপতির নিরাপত্তা ও পরিকাঠামোয় গাফিলতির অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিবের কাছে জবাবদিহি চেয়েছে। পাল্টা মুখ্যমন্ত্রী ধর্মতলার মঞ্চ থেকে রাষ্ট্রপতির সফরের সময় ও রাজনৈতিক বক্তব্য নিয়ে প্রশ্ন তোলায় আদিবাসী সমাজ চূড়ান্ত ক্ষুব্ধ।

আদিবাসী সেলের নেতা সত্যজিৎ দাস বলেন, “দেশের রাষ্ট্রপতি আদিবাসী সমাজের গর্ব। তাঁকে অসম্মান করা মানে সমগ্র সমাজকে অপমান করা। মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, নয়তো বিধানসভা ভোটে একটি আদিবাসী ভোটও পাবে না তৃণমূল।” বিক্ষোভের জেরে আসানসোল-বরাকর জিটি রোডে দীর্ঘক্ষণ যানজট সৃষ্টি হয়, পরে কুলটি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্বাচনের মুখে এই আদিবাসী ক্ষোভ তৃণমূলের ভোটব্যাঙ্কে বড়সড় ধস নামাতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।