রক্ষকই যখন ভক্ষক! থানার ভেতরেই হেনস্থা নির্যাতিতাকে? নরেন্দ্রপুর কাণ্ডে নড়েচড়ে বসল নবান্ন

নরেন্দ্রপুর থানায় অভিযোগ জানাতে গিয়ে চরম অপমানের শিকার এক আইনের ছাত্রী। ইভটিজিংয়ের প্রতিকার চাইতে গিয়ে থানার আইসি (IC)-র কাছ থেকে যে মন্তব্য তিনি শুনেছেন, তা শুনে স্তম্ভিত গোটা রাজ্য। নির্যাতিতার দাবি, আইসি তাঁকে সোজাসুজি বলেন, “আপনি যা বলছেন, তাতে তো এতদিনে গ্যাংরেপ হয়ে যাওয়ার কথা!” এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে পুলিশি মহলে। সুবিচারের আশায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছে ওই ছাত্রীর পরিবার।

নির্যাতিতা ছাত্রী পেশায় আইনের ছাত্রী। আলিপুর আদালত থেকে ফেরার সময় রোজই ‘টেস্ট অফ দার্জিলিং’ নামের একটি রেস্তোরাঁর সামনে মদ্যপ যুবকদের কটূক্তি ও অশালীন আচরণের শিকার হতেন তিনি। গত ৭ তারিখ ধৈর্যের বাঁধ ভাঙলে মাকে নিয়ে নরেন্দ্রপুর থানায় অভিযোগ জানাতে যান তিনি। সেখানেই আইসি-র ঘরে এই নক্কারজনক মন্তব্য করা হয় বলে অভিযোগ। ছাত্রীর বাবার দাবি, ঘটনার রাতে তাঁরা মুখ্যমন্ত্রীর ধর্নামঞ্চে গিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করেন। মন্ত্রী তৎক্ষণাৎ রাজ্যের ডিজি পীযূষ পাণ্ডেকে বিষয়টি জানান।

বারুইপুর জেলা পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। আইসি-র বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এক নারী দিবসের অনুষ্ঠানে বিচারপতির সামনেও এই ঘটনার কথা তুলে ধরে সরব হয়েছেন নির্যাতিতার বাবা। অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি জানিয়েছে ছাত্রীর পরিবার।