মোজতবার ‘মৃত্যু সংবাদ’ নিছকই গুজব! ইজরায়েলি মিডিয়াকে কড়া জবাব দিলেন ইরানের প্রেসিডেন্ট-পুত্র

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই-এর মৃত্যুর পর তাঁর উত্তরসূরি মোজতবা খামেনেই-এর নিরাপত্তা ও জীবন নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে রহস্য। মার্কিন-ইজরায়েল যৌথ হামলায় মোজতবা গুরুতর আহত বা নিহত হয়েছেন বলে ইজরায়েলি সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় যে দাবি করা হচ্ছিল, বুধবার তা সরাসরি উড়িয়ে দিল তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পুত্র তথা প্রশাসনের উপদেষ্টা ইউসুফ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়েছেন, দেশের নয়া সর্বোচ্চ নেতা সম্পূর্ণ সুস্থ এবং নিরাপদ স্থানে রয়েছেন।

মোজতবাকে ঘিরে ঘনিয়ে ওঠা রহস্যের মাঝেই ইউসুফ টেলিগ্রামে এক বার্তায় জানান, “মোজতবা খামেনেই আহত হওয়ার খবর রটানো হচ্ছে। আমি তাঁর ঘনিষ্ঠ মহলে যোগাযোগ করে নিশ্চিত হয়েছি যে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।” গোয়েন্দা সূত্রে দাবি করা হচ্ছে, ইজরায়েলি ‘টার্গেট কিলিং’ থেকে বাঁচতে মোজতবা বর্তমানে তেহরান থেকে দূরে এক অত্যন্ত গোপন বাঙ্কারে আশ্রয় নিয়েছেন। তাঁর অবস্থান সম্পর্কে ইরানের হাতেগোনা কয়েকজন শীর্ষ নেতা ছাড়া আর কেউ জানেন না।

এদিকে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তোপ দেগেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। তাঁর অভিযোগ, আলোচনার পরিবেশ নষ্ট করে ট্রাম্প বিদ্বেষের বশবর্তী হয়ে ইরানে বোমা হামলা চালিয়েছেন। অন্যদিকে, আজ রাতে তেহরানে প্রয়াত আয়াতোল্লা আলি খামেনেই-এর শোকসভা শুরু হচ্ছে, যা চলবে টানা তিন দিন। বাবার চেয়েও কঠোর মনোভাবাপন্ন হিসেবে পরিচিত মোজতবা খামেনেই এখন কীভাবে ইজরায়েল ও আমেরিকার এই সাঁড়াশির আক্রমণ মোকাবিলা করেন, সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক মহল।