আতঙ্কিত হবেন না! ঘরোয়া গ্যাসে ১০০% সরবরাহ নিশ্চিত করল কেন্দ্র, বড় ঘোষণা ভারত পেট্রোলিয়ামের

পশ্চিম এশিয়ায় যুদ্ধ এবং হরমুজ প্রণালী দিয়ে এলপিজি (LPG) আমদানিতে বাধার ফলে দেশজুড়ে যে হাহাকার তৈরি হয়েছিল, সেই আবহে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তির বার্তা দিল কেন্দ্র। ভারত সরকার এবং রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ‘ভারত পেট্রোলিয়াম’ (BPCL) স্পষ্ট জানিয়েছে যে, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে আমদানি ব্যাহত হলেও ডোমেস্টিক বা ঘরোয়া রান্নার গ্যাস সরবরাহে কোনো ঘাটতি হতে দেওয়া হবে না।

সরকার জানিয়েছে, অভ্যন্তরীণ বাজার সামাল দিতে ইতিমধ্যেই ‘অত্যাবশ্যকীয় পণ্য আইন ১৯৫৫’ প্রয়োগ করা হয়েছে। তেল শোধনাগার এবং বেসরকারি সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা এলপিজির উৎপাদন সর্বোচ্চ স্তরে নিয়ে যায়। ভারত পেট্রোলিয়ামের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, “বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে মজুত গ্যাস সুপরিকল্পিতভাবে বণ্টন করা হচ্ছে। তবে আমাদের কাছে সাধারণ মানুষের ঘরের রান্নার গ্যাসই সবার আগে অগ্রাধিকার (Top Priority) পাবে।”

উল্লেখ্য, গত ৭ মার্চ থেকে দেশে ঘরোয়া সিলিন্ডারের দাম ৬০ টাকা এবং বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৪৪ টাকা বেড়েছে। এর প্রভাবে অনেক রেস্তোরাঁ তাদের মেনু ছোট করে দিয়েছে এবং অনলাইন ডেলিভারি পরিষেবায় প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কিন্তু কেন্দ্রের এই নতুন আশ্বাসের পর গ্রাহকদের মধ্যে তৈরি হওয়া ‘প্যানিক বুকিং’ বা অকারণে আতঙ্ক কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। সরকার নিশ্চিত করেছে যে, জরুরি প্রয়োজনে রেশন করার মাধ্যমে হলেও প্রতিটি গৃহস্থের হেঁশেল সচল রাখা হবে।