চুপি চুপি কার প্রেমে মজেছেন মালাইকা? প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের নাম শুনে চমকে যাবে নেটপাড়া!

বলিউডের ‘আইটেম গার্ল’ মালাইকা অরোরা মানেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে হাজারো জল্পনা। কখনও আরবাজ খান, কখনও অর্জুন কাপুর—মালাইকার জীবনে নতুন পুরুষ কে, তা নিয়ে কৌতূহলের শেষ নেই। কিন্তু এবার আর কোনও গুঞ্জন নয়, স্বয়ং মালাইকাই ফাঁস করলেন তাঁর মনের মানুষের নাম। তিনি আর কেউ নন, সবার প্রিয় প্রাক্তন ক্রিকেটার ও রাজনীতিক নভজ্যোত সিং সিধু!

সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অতিথি হিসেবে এসে মালাইকা অরোরা তাঁদের এই বিশেষ সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। মালাইকা জানান, গ্ল্যামার দুনিয়ার বাইরে সিধুই তাঁর জীবনের অন্যতম প্রিয় এবং ঘনিষ্ঠ বন্ধু। মালাইকার কথায়, “একটা বয়সের পর নতুন বন্ধু পাওয়া কঠিন, কিন্তু শেরের (সিধু) মধ্যে আমি এক সত্যিকারের বন্ধু খুঁজে পেয়েছি। আমি জানি, ও কখনও আমার মনে কষ্ট দেবে না।” এই বন্ধুত্বের শুরু হয়েছিল ‘ইন্ডিয়াজ গট ট্যালেন্ট’-এর বিচারকের আসনে বসার সময় থেকে।

অনুষ্ঠানে মালাইকা আরও ফাঁস করেন যে, সিধু আজও নিয়ম করে প্রতি ১৫-২০ দিন অন্তর অমৃতসর থেকে মালাইকার জন্য খাঁটি ‘সাদা মাখন’, গুড় এবং সুস্বাদু স্ন্যাকস পাঠিয়ে দেন। এই শুনেই হাসির রোল ওঠে শো-তে। সঞ্চালক কপিল শর্মা রসিকতা করে সিধুর কাছে অভিযোগ করেন, “পাাজি, আমাকে ২০ বছর ধরে চেনেন কিন্তু এক চিমটি মৌরিও দিলেন না, আর মালাইকা ম্যামকে এত মাখন পাঠাচ্ছেন!” পাল্টা প্রশংসায় সিধুও জানান, মালাইকার মতো বিনয়ী এবং সুশৃঙ্খল মানুষ তিনি খুব কম দেখেছেন। এই অম্ল-মধুর রসায়ন প্রমাণ করে দিল যে, মাখন আর অকৃত্রিম ভালোবাসার ওপর ভিত্তি করে গ্ল্যামার জগতের বাইরেও সুন্দর বন্ধুত্ব টিকে থাকে।