যুদ্ধের আঁচে এবার আকাশপথও উত্তপ্ত! ৩৯৯ টাকা থেকে ১৮ হাজার— এক লাফে কত বাড়ছে বিমান ভাড়া?

পশ্চিম এশিয়ার যুদ্ধের মেঘ এবার কেবল হেঁশেল নয়, আকাশপথকেও গ্রাস করল। রান্নার গ্যাসের আকালের মধ্যেই এবার সাধারণ মানুষের জন্য দুঃসংবাদ শোনাল এয়ার ইন্ডিয়া। জ্বালানি সংকটের জেরে আগামীকাল, ১২ মার্চ থেকে ধাপে ধাপে সমস্ত রুটে ‘ফুয়েল সারচার্জ’ বৃদ্ধির ঘোষণা করেছে সংস্থাটি। এর ফলে অভ্যন্তরীণ থেকে শুরু করে আন্তর্জাতিক— সব ক্ষেত্রেই বিমানের টিকিটের দাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাচ্ছে।

এয়ার ইন্ডিয়ার বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘরোয়া বা অন্তর্দেশীয় উড়ানের ক্ষেত্রে ৩৯৯ টাকা অতিরিক্ত সারচার্জ দিতে হবে। আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে এই বোঝা আরও কয়েক গুণ বেশি। দক্ষিণ-পূর্ব এশিয়াগামী বিমানে প্রায় ৫৫০০ টাকা (৬০ ডলার) এবং আমেরিকা বা অস্ট্রেলিয়াগামী বিমানে এই সারচার্জের পরিমাণ ১৮ হাজার টাকা (২০০ ডলার) পর্যন্ত পৌঁছে যেতে পারে। তিনটি ধাপে এই মূল্যবৃদ্ধি কার্যকর করা হবে। সংস্থার দাবি, বিশ্ববাজারে বিমানের জ্বালানির (ATF) লাগামছাড়া দাম বৃদ্ধির কারণেই এই কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল-আমেরিকা সংঘাতের জেরে ভারতের জ্বালানি নিরাপত্তা চরম সংকটে। হরমুজ প্রণালী থেকে সরবরাহ বিঘ্নিত হওয়ায় দেশজুড়ে গ্যাস সিলিন্ডারের হাহাকার শুরু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে মোদি সরকার ইতিমধ্যেই ‘অত্যাবশ্যকীয় পণ্য আইন’ (Essential Commodities Act) কার্যকর করেছে। বেআইনি মজুত ও কালোবাজারি রুখতে কড়া নজরদারি শুরু হলেও, আমজনতার আতঙ্ক কাটছে না। চায়ের দোকান থেকে অফিস— সর্বত্রই এখন আলোচনার কেন্দ্রে হরমুজ প্রণালী আর যুদ্ধবাজ রাষ্ট্রনেতারা। বিমানের ভাড়া বৃদ্ধি সেই উদ্বেগের আগুনে নতুন করে ঘৃতাহুতি দিল।