বিশ্বকাপ জিতিয়ে সোজা ট্রেনের ৩-এসি বার্থে! ছদ্মবেশে বাড়ি ফিরলেন টিম ইন্ডিয়ার নায়ক শিবম দুবে

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৯৬ রানে উড়িয়ে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলেছে ভারত। ২০২৪-এর পর ২০২৬—পরপর দুবার চ্যাম্পিয়ন হয়ে টিম ইন্ডিয়া যখন ইতিহাস গড়ছে, ঠিক তখনই এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকল রেল সফর। বিমানে টিকিট না পেয়ে দেশের বিশ্বজয়ী অলরাউন্ডার শিবম দুবে আমেদাবাদ থেকে মুম্বই ফিরলেন সাধারণ যাত্রীদের মতোই ট্রেনের থার্ড এসি কোচে! তবে গোটা সফরটিই ছিল এক রোমাঞ্চকর ‘সিক্রেট মিশন’।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে শিবম জানিয়েছেন, ফাইনাল শেষে রাতেই তিনি পরিবারের কাছে ফিরতে চেয়েছিলেন। কিন্তু আমেদাবাদ থেকে মুম্বই যাওয়ার কোনও বিমানের টিকিট অবশিষ্ট ছিল না। সড়কপথে সময় বেশি লাগবে ভেবে তিনি ট্রেনেই ফেরার সিদ্ধান্ত নেন। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। গোটা দেশ তখন বিশ্বজয়ের উল্লাসে মত্ত, তার ওপর খোদ নায়ক যদি ট্রেনের কামরায় হাজির হন, তবে ভিড় সামলানো অসম্ভব হয়ে পড়বে। তাই নিজেকে আড়াল করতে ছদ্মবেশ নেন শিবম। টুপি, মাস্ক এবং ফুলহাতা টি-শার্ট পরে সাধারণ মানুষের ভিড়ে মিশে স্টেশনে পৌঁছান তিনি।
শিবম জানান, স্টেশনে পৌঁছে তিনি দেখেন হাজার হাজার মানুষ ভারতের জার্সি পরে ট্রেনের জন্য অপেক্ষা করছেন। ধরা পড়ার ভয়ে ট্রেনে উঠেই সোজা আপার বার্থে গিয়ে শুয়ে পড়েন তিনি। সারা রাত কেউ টেরই পায়নি যে পাশের বার্থেই শুয়ে আছেন স্বয়ং বিশ্বজয়ী তারকা। তবে বিপত্তি ঘটে ভোরবেলা বোরিভেলি স্টেশনে নামার সময়। দিনের আলো ফুটে যাওয়ায় চিনে ফেলার ভয় ছিল। শেষমেশ পুলিশের সাহায্য নিয়ে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে স্টেশনের বাইরে বেরিয়ে নিজের বাড়ি পৌঁছান তিনি। চলতি বিশ্বকাপে ২৩৫ রান করে ভারতের জয়ে বড় ভূমিকা রেখেছেন শিবম। আইপিএলে সিএসকে-র হয়ে নামার আগে তাঁর এই দুর্ধর্ষ ফর্ম আর মাটির কাছাকাছি থাকার মানসিকতা জয় করে নিয়েছে কোটি ভক্তের মন।