ইরানকে রুখতে ভূমধ্যসাগরে ইউরোপের মহাজোট! রণতরী পাঠাল স্পেন ও ইতালি

ইরান ও ইসরায়েল-আমেরিকা সংঘাতের বিস্তার রুখতে এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য সাইপ্রাসকে সুরক্ষা দিতে পূর্ব ভূমধ্যসাগরে একজোট হয়েছে ইউরোপীয় দেশগুলো। ফ্রান্সের পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী শার্ল দ্য গল (Charles de Gaulle)-এর নেতৃত্বে এবার বিশেষ মিশনে যোগ দিল স্পেন ও ইতালির অত্যাধুনিক যুদ্ধজাহাজ।

সম্প্রতি সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার পর নড়েচড়ে বসেছে প্যারিস ও মাদ্রিদ। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ উত্তর ইউরোপের মহড়া থেকে তাঁর নৌবহরকে সরিয়ে সরাসরি ভূমধ্যসাগরে মোতায়েন করেছেন। স্পেনের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তাদের সবথেকে আধুনিক ফ্রিগেট ক্রিস্টোবাল কোলন (F-105) ইতিমধ্যেই ফরাসি গ্রুপের সঙ্গে যোগ দিয়েছে। অন্যদিকে, ইতালির গাইডেড মিসাইল ফ্রিগেট ফেদেরিকো মার্টিনেঙ্গো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রাচীর গড়ে তুলতে মোতায়েন করা হয়েছে। নেদারল্যান্ডস ও গ্রিসও তাদের নৌবাহিনী পাঠিয়ে এই জোটে শামিল হয়েছে।

এই যৌথ সামরিক অভিযানের মূল লক্ষ্য সাইপ্রাসকে ইরানি হানা থেকে রক্ষা করা এবং লোহিত সাগরের বাণিজ্যিক পথ সুরক্ষিত রাখা। সাইপ্রাস ইসরায়েলের থেকে মাত্র ২৪০ কিমি দূরে অবস্থিত হওয়ায় ইউরোপের নিরাপত্তা এখন সরাসরি ঝুঁকির মুখে। ব্রিটেনও তাদের ডেস্ট্রয়ার HMS Dragon এবং অ্যান্টি-ড্রোন হেলিকপ্টার পাঠিয়ে এই প্রতিরোধ বলয়কে শক্তিশালী করেছে। যদি যুদ্ধ আরও বিস্তার লাভ করে, তবে এই যৌথ নৌবাহিনী হরমুজ প্রণালী বা লোহিত সাগরে সরাসরি ‘এসকর্ট মিশন’ শুরু করতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।