রণক্ষেত্রে বাজিমাত করতে তৈরি ভারত! আমূল বদলে যাচ্ছে ট্যাঙ্ক বহর, টার্গেট এবার প্রতিবেশী ড্রাগন?

ভারতীয় সেনাবাহিনীর শক্তিবৃদ্ধি এবং আধুনিকীকরণের লক্ষ্যে শুরু হয়েছে এক নতুন মহাযজ্ঞ। পুরনো আমলের রাশিয়ান T-72 ‘আজেয়া’ ট্যাঙ্ককে বিদায় জানিয়ে এবার সেনার হাতে আসতে চলেছে অত্যাধুনিক প্রযুক্তিতে ঠাসা ‘ফিউচার রেডি কমব্যাট ভেহিকেল’ (FRCV)। প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে এই মেগা প্রজেক্টটির নাম দেওয়া হয়েছে ‘প্রজেক্ট রঞ্জিত’। এটি কেবল একটি ট্যাঙ্ক তৈরির প্রকল্প নয়, বরং রণক্ষেত্রে ভারতীয় আধিপত্য প্রতিষ্ঠার এক দীর্ঘমেয়াদী ব্লু-প্রিন্ট।
প্রজেক্ট রঞ্জিতের নেপথ্য কথা: ২০২৪ সালের সেপ্টেম্বরে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক এই উচ্চাভিলাষী প্রকল্পে সবুজ সংকেত দেয়। ‘মেক-আই’ ক্যাটাগরির অধীনে এই ঘাতক ট্যাঙ্কগুলি তৈরি করা হচ্ছে। নিয়ম অনুযায়ী, এই প্রযুক্তির প্রোটোটাইপ বা প্রাথমিক মডেল তৈরির খরচের প্রায় ৭০ শতাংশ বহন করছে খোদ ভারত সরকার। মূল লক্ষ্য একটাই—বিদেশি নির্ভরতা কমিয়ে দেশীয় প্রযুক্তিতে বিশ্বের সেরা সমরাস্ত্র তৈরি করা।
যুদ্ধক্ষেত্রে কেন এটি গেম-চেঞ্জার? ভারতীয় সেনাবাহিনীর চাহিদা অনুযায়ী, নতুন প্রজন্মের এই ট্যাঙ্কটির ওজন হবে প্রায় ৫৫ টন (মাঝারি ওজন)। এটি এমনভাবে ডিজাইন করা হচ্ছে যাতে মরুভূমির তপ্ত বালু থেকে শুরু করে হিমালয়ের দুর্গম পাহাড়ি এলাকা—সব জায়গাতেই সমান দক্ষতায় অপারেশন চালাতে পারে। ট্যাঙ্কে থাকবে চারজন ক্রু সদস্যের বসার জায়গা এবং একটি অত্যাধুনিক অটোলোডার সিস্টেম। যদি কোনও কারণে অটোলোডার বিকল হয়, তবে ম্যানুয়াল ব্যাকআপের সুবিধাও রাখা হয়েছে।
শামিল শিল্পপতি থেকে শুরু করে বিজ্ঞানীরা: এই প্রকল্পের অংশীদার হতে কোমর বেঁধে নেমেছে ভারতের বাঘা বাঘা কর্পোরেট সংস্থা। লারসেন অ্যান্ড টুব্রো (L&T), টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড এবং মাহিন্দ্রা ডিফেন্স সিস্টেমসের মতো সংস্থাগুলি এই দৌড়ে সামিল। প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO-এর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই কোম্পানিগুলি ট্যাঙ্কের নকশা ও নির্মাণকাজ সম্পন্ন করবে। এছাড়া আন্তর্জাতিক মানের আর্মার বা বর্ম এবং ‘অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম’ নিশ্চিত করতে বিদেশি প্রযুক্তির সাহায্যও নেওয়া হতে পারে। BEML লিমিটেড ইতিমধ্যেই বিশ্বজুড়ে প্রযুক্তিগত অংশীদার খোঁজার প্রক্রিয়া শুরু করেছে।
এই আধুনিকীকরণের ফলে ভারত কেবল আমদানিকারক দেশ হিসেবে নয়, বরং আধুনিক সমরাস্ত্র নির্মাতা হিসেবে বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান আরও মজবুত করবে।