যৌন অপরাধী এপস্টাইনের কুখ্যাত ফাইলে অনুরাগের নাম! বিস্ফোরক বলিউড পরিচালক, ফাঁস করলেন আসল সত্য

বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের ‘সিক্রেট ফাইল’ থেকে একের পর এক প্রভাবশালীর নাম সামনে আসায় শিউরে উঠছে সাধারণ মানুষ। ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বিশ্বের তাবড় ব্যক্তিত্বদের পর এবার সেই তালিকায় নাম জড়াল বলিউডের বিতর্কিত ও জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপের। সম্প্রতি প্রকাশিত ইমেল ও নথিতে দেখা গিয়েছে, এপস্টাইনের প্রমোদ দ্বীপ বা তাঁর আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিতদের সম্ভাব্য তালিকায় ‘বলিউড ডিরেক্টর’ হিসেবে অনুরাগের নাম রয়েছে। এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসতেই প্রথমবার জনসমক্ষে মুখ খুললেন ‘গ্যাংস অফ ওয়াসিপুর’-এর পরিচালক।

কী সাফাই দিলেন অনুরাগ কাশ্যপ? একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনুরাগ কাশ্যপ জানান, কোনো তালিকায় নাম থাকা মানেই সেই ব্যক্তির সঙ্গে সম্পর্ক থাকা নয়। তিনি বলেন, “সেটা একটা র‍্যান্ডম ইমেল ছিল। হার্ভার্ড বা ইয়েলের মতো জায়গা থেকেও আমরা মাঝেমধ্যেই আমন্ত্রণ পাই। আমি কোনোদিন বেইজিং যাইনি। ২০১৪ সালের আগে একবার সাংহাইতে গিয়েছিলাম মাত্র।” বিষয়টি নিয়ে বিদ্রুপের সুরে তিনি আরও বলেন, “বাহ! আমি জানতামই না যে আমার এই ধরণের কোনো কোম্পানি আছে!” নথিতে তাঁকে ‘বলিউডের জনপ্রিয় পরিচালক’ হিসেবে উল্লেখ করা হলেও, এপস্টাইনের কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে অনুরাগের সরাসরি যোগসূত্র বা তাঁর দ্বীপে যাওয়ার কোনো প্রমাণ এখনও মেলেনি।

পুরানো বিতর্ক ও আয়কর অভিযান: এপস্টাইন ফাইলস নিয়ে আলোচনার মাঝেই অনুরাগ ২০২১ সালে তাঁর বাড়িতে হওয়া আয়কর অভিযানের স্মৃতিও উসকে দেন। তিনি জানান, সেই অভিযান মূলত তাঁর প্রাক্তন প্রযোজনা সংস্থা ‘ফ্যান্টম ফিল্মস’-এর আর্থিক লেনদেন সংক্রান্ত ছিল। ২০১১ সালে বিক্রমাদিত্য মোতওয়ানে, মধু মন্টেনা ও বিকাশ বহলের সঙ্গে মিলে তৈরি করা এই সংস্থা থেকে ‘কুইন’ বা ‘উড়তা পাঞ্জাব’-এর মতো ছবি বেরোলেও ২০১৮ সালে তা ভেঙে যায়। অনুরাগের মতে, সেই সময়কার নানা জটিল প্রশ্নের উত্তর দিতে হয়েছিল তাঁকে। তবে বর্তমান এপস্টাইন বিতর্ক যে কেবলই একটি ইমেল আদান-প্রদানের ভুল ব্যাখ্যা, তা স্পষ্ট করে দিয়েছেন এই পরিচালক। ২০১৯ সালে কারাগারে রহস্যজনকভাবে মৃত্যু হওয়া এপস্টাইনের এই কালো ফাইল এখন বিনোদন জগতের ঘুম উড়িয়ে দিয়েছে।