কলকাতায় ‘বন্দি’ দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা! বিশ্বকাপ শেষ হলেও দেশে ফেরা অনিশ্চিত

বিশ্বকাপের উত্তেজনা মিটে গিয়েছে, ট্রফি হাতে ফিরে গিয়েছেন চ্যাম্পিয়নরা। কিন্তু এক অদ্ভুত পরিস্থিতির শিকার হয়ে তিলোত্তমায় আটকে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। গত ১০ দিন ধরে কলকাতার হোটেলেই দিন কাটছে দুই দলের খেলোয়াড়দের। মঙ্গলবার বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাঁদের ফিরে যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে এয়ারস্পেস ক্লিয়ারেন্স বা আকাশপথ ব্যবহারের অনুমতি না মেলায় সেই বিমান বাতিল করা হয়।

কেন এই বিপত্তি? কলকাতা থেকে দুই ক্রিকেট দলকে নিয়ে যাওয়ার জন্য যে চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছিল, তা আন্তর্জাতিক আকাশপথ ব্যবহারের ছাড়পত্র পায়নি। ফলে বিমানটি ওড়ার ঠিক আগেই বাতিল করতে হয়। এর ফলে ক্রিকেটারদের বাড়ি ফেরা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমনকি ওয়েস্ট ইন্ডিজের তিন জন ক্রিকেটার নিজেদের উদ্যোগে সাধারণ বিমানে যাওয়ার চেষ্টা করলেও সফল হননি; তাঁদের ফের কলকাতার হোটেলেই ফিরে আসতে হয়েছে।

ব্যতিক্রম কোচ ড্যারেন স্যামি: দলের বাকি সদস্যরা আটকে থাকলেও, ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি কোনোভাবে নিজের চেষ্টায় শহর ছাড়তে সক্ষম হয়েছেন। তবে দুই দলের বাকি খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফরা এখনও শহরের একটি বিলাসবহুল হোটেলেই রয়েছেন। বিদেশের মাটিতে টানা ১০ দিন এভাবে আটকে থাকায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ এবং পরিশ্রান্ত ক্রিকেটাররা। আইসিসি এবং সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডগুলি এখন দ্রুত বিকল্প ব্যবস্থার মাধ্যমে তাঁদের দেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছে।