টিকা-পরবর্তী অসুস্থতায় এবার মিলবে ক্ষতিপূরণ! কেন্দ্রকে বিশেষ কাঠামো তৈরির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

কোভিড টিকা নেওয়ার পর গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া বা মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াল দেশের সর্বোচ্চ আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকারকে একটি নির্দিষ্ট ‘নো-ফল্ট’ (No-Fault) ক্ষতিপূরণ নীতি বা কাঠামো তৈরি করার নির্দেশ দিয়েছে। অর্থাৎ, টিকা নেওয়ার ফলে কেউ অসুস্থ হলে বা প্রাণ হারালে, তাঁর পরিবারকে আর্থিক সাহায্য করতে হবে এবং এর জন্য কারও আলাদা করে গাফিলতি বা দোষ প্রমাণ করার প্রয়োজন পড়বে না।

মামলার প্রেক্ষাপট: ২০ ২০২১ সালে কোভিশিল্ডের প্রথম ডোজ নেওয়ার পর ১৮ ও ২০ বছর বয়সি দুই তরুণীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই মামলার সূত্রপাত। তাঁদের পরিবারের দাবি ছিল, টিকা নেওয়ার পার্শ্বপ্রতিক্রিয়াতেই এই প্রাণহানি। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এদিন স্পষ্ট করে দিয়েছে যে, এই ক্ষতিপূরণ দেওয়ার অর্থ এই নয় যে সরকার নিজের দোষ স্বীকার করে নিচ্ছে। রায়ে বলা হয়েছে, এটি একটি মানবিক ও আইনি কাঠামো হিসেবে কাজ করবে।

আদালতের পর্যবেক্ষণ: আবেদনকারীরা এই ঘটনার তদন্তে একটি পৃথক বিশেষজ্ঞ কমিটি গড়ার আর্জি জানিয়েছিলেন, কিন্তু সুপ্রিম কোর্ট সেই দাবি খারিজ করে দিয়েছে। আদালতের মতে, বর্তমানে যে বৈজ্ঞানিক নজরদারি ব্যবস্থা রয়েছে, সেটিই যথেষ্ট। তবে সেই নজরদারির তথ্য নিয়মিত সাধারণ মানুষের জন্য প্রকাশ করতে হবে। আদালত আরও জানিয়েছে, এই নির্দেশের ফলে ক্ষতিগ্রস্তদের অন্য কোনও আইনি পথ বেছে নেওয়ার রাস্তা বন্ধ হচ্ছে না। দীর্ঘ লড়াইয়ের পর এই রায় মৃত তরুণীদের বাবা-মায়েদের কাছে এক বড় জয় হিসেবে দেখা হচ্ছে।