একই দিনে ইন্টারভিউ ও কাউন্সেলিং? স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তিতে মাথায় হাত চাকরিপ্রার্থীদের!

রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ নিয়ে জট কাটানোর লক্ষ্যে বড় পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। একাদশ-দ্বাদশ এবং নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ ও কাউন্সেলিংয়ের বিস্তারিত সময়সূচি প্রকাশ করেছে কমিশন। কিন্তু এই সূচি প্রকাশ্যে আসতেই খুশির বদলে দুশ্চিন্তা বেড়েছে চাকরিপ্রার্থীদের মনে। কারণ, ঠিক যে সময়ে এই নিয়োগ প্রক্রিয়া চলার কথা, সেই সময়েই রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা। ফলে ভোটের ডামাডোলে এই বিশাল কর্মযজ্ঞ কমিশন ঠিকভাবে সামলাতে পারবে কি না, তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।
কমিশনের বিজ্ঞপ্তিতে কী আছে?
এসএসসি-র বিজ্ঞপ্তি অনুযায়ী, একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শুরু হচ্ছে ২৪ মার্চ থেকে। মার্চ মাসের ২৪, ২৫, ২৭ ও ২৮ তারিখ ছাড়াও এপ্রিল ও মে মাসের বিভিন্ন দফায় এই প্রক্রিয়া চলবে সল্টলেকের কেন্দ্রীয় দপ্তরে। অন্যদিকে, নবম-দশম শ্রেণির ক্ষেত্রে সফল প্রার্থীদের নথি যাচাই ও ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে ২৩ মার্চ থেকে। এই প্রক্রিয়াটি মে মাসের ২৩ তারিখ পর্যন্ত চালানোর পরিকল্পনা করেছে কমিশন, যা হবে আঞ্চলিক অফিসগুলিতে।
বিভ্রান্তির মূলে জোড়া সূচি
চাকরিপ্রার্থীদের প্রধান সংশয় হলো সময় নিয়ে। দেখা যাচ্ছে, একই দিনে এবং একই সময়ে উচ্চমাধ্যমিক স্তরের কাউন্সেলিং এবং মাধ্যমিক স্তরের নথি যাচাই ও ইন্টারভিউ রাখা হয়েছে। অনেক প্রার্থীই উভয় স্তরের জন্যই যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন। এমতাবস্থায় তাঁরা একই দিনে দুটি ভিন্ন জায়গায় কীভাবে উপস্থিত থাকবেন, তা নিয়ে ধন্দে পড়েছেন। এছাড়া নির্বাচনের ডিউটি ও নিরাপত্তার কারণে আদৌ ওই দিনগুলিতে সরকারি অফিস সচল থাকবে কি না, তা নিয়েও জল্পনা তুঙ্গে।
পরিবর্তনের আশা চাকরিপ্রার্থীদের
নথি যাচাইয়ের ডাক পাওয়া প্রার্থী রাকেশ আলম ও অন্যান্যদের মতে, কমিশন হয়তো বিষয় ও মাধ্যম অনুযায়ী আলাদা ব্যবস্থা করবে। তবে বাস্তবে নির্বাচনের নির্ঘণ্টের সঙ্গে এই সূচি সাংঘর্ষিক হলে শেষ মুহূর্তে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ওয়াকিবহাল মহল। এখন দেখার, ভোট আর নিয়োগের এই দ্বৈরথে শেষ হাসি কারা হাসে।