গ্যাস সিলিন্ডার বুকিংয়ে বড় ধাক্কা! কেন্দ্রের নতুন সিদ্ধান্তে বাড়বে ভোগান্তি? জেনে নিন নয়া নিয়ম

রান্নার গ্যাসের দাম বাড়ার রেশ কাটতে না কাটতেই এবার সিলিন্ডার বুকিংয়ের নিয়মে বড়সড় পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। মূলত গ্যাসের কালোবাজারি রুখতে এবং মজুতদারিতে রাশ টানতে ডোমেস্টিক LPG সিলিন্ডার রিফিল করার সর্বনিম্ন সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সুযোগ নিয়ে যাতে কেউ অতিরিক্ত গ্যাস মজুত করতে না পারে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।
কী এই নতুন নিয়ম? আগে গ্রাহকরা একটি সিলিন্ডার ডেলিভারি পাওয়ার ২১ দিন পর দ্বিতীয় সিলিন্ডার বুক করতে পারতেন। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে দ্বিতীয় সিলিন্ডার বুক করার জন্য কমপক্ষে ২৫ দিন অপেক্ষা করতে হবে। সরকারি সূত্রে জানা গিয়েছে, আগে যেখানে মানুষ গড়ে ৫৫ দিনে একটি সিলিন্ডার বুক করত, সেখানে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে অনেকেই মাত্র ১৫ দিনের মাথায় পুনরায় বুকিং করছেন। এই অপ্রয়োজনীয় ভিড় এবং কৃত্রিম সংকট রুখতেই বুকিংয়ের ব্যবধান বাড়ানো হল।
দামেও ছ্যাঁকা উল্লেখ্য, গত ৭ মার্চ থেকেই ডোমেস্টিক সিলিন্ডারের দাম ৬০ টাকা বাড়ানো হয়েছে। দিল্লিতে ১৪.২ কেজির সিলিন্ডারের দাম এখন ৯১৩ টাকা। একই সঙ্গে বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক ধাক্কায় ১১৫ টাকা বেড়ে হয়েছে ১৮৮৩ টাকা। অর্থাৎ, একদিকে বাড়তি দাম এবং অন্যদিকে বুকিংয়ের দীর্ঘ প্রতীক্ষা—উভয় সংকটে সাধারণ মধ্যবিত্ত।
জ্বালানি নিয়ে আশ্বাস তবে পেট্রোল ও ডিজেলের দাম নিয়ে স্বস্তির খবর দিয়েছে কেন্দ্র। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১৩০ ডলার না ছাড়ানো পর্যন্ত দাম বাড়ানো হবে না বলে জানানো হয়েছে। এছাড়া দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই এবং হরমুজ প্রণালী এড়িয়ে বিকল্প পথে তেল আনার ব্যবস্থা করা হয়েছে যাতে সরবরাহ স্বাভাবিক থাকে।