পুরোনো সিলিং ফ্যান ঘুরবে ঝড়ের বেগে!, জেনেনিন ৫টি সহজ ঘরোয়া টিপস

চৈত্রের চড়া রোদে ঘরের ভেতর যেন আগুন ঝরছে। অসহ্য তাপপ্রবাহ আর ভ্যাপসা গরমে যখন নাভিশ্বাস ওঠার জোগাড়, তখন সিলিং ফ্যানই মধ্যবিত্তের একমাত্র ভরসা। কিন্তু মুশকিল হয় তখন, যখন দেখা যায় ফ্যান ফুল স্পিডে চললেও বাতাস গায়ে লাগছে না। আগের সেই ঝোড়ো হাওয়া উধাও, পরিবর্তে ফ্যান ঘুরছে ধীরগতিতে। তবে চিন্তার কিছু নেই, কয়েকটি সহজ কৌশলেই আপনার পুরোনো ফ্যান আবার নতুনের মতো বাতাস দেবে।

১. ম্যাজিক দেখাবে ক্যাপাসিটর

সিলিং ফ্যানের স্পিড কমে যাওয়ার প্রধান কারণ হলো ক্যাপাসিটর দুর্বল হয়ে যাওয়া। ইলেকট্রিক দোকানে মাত্র কয়েক টাকায় নতুন ক্যাপাসিটর পাওয়া যায়। এটি বদলে দিলেই দেখবেন আপনার ফ্যান আবার আগের মতো তুফান গতিতে ঘুরছে।

২. ধুলোবালিই আসল শত্রু

অনেকেই ফ্যানের ব্লেড পরিষ্কার করতে আলসেমি করেন। কিন্তু ব্লেডে পুরু ধুলো জমলে ফ্যানের ওজন বেড়ে যায় এবং বাতাসের ঘর্ষণ বাধা পায়। ফলে ফ্যানের গতি কমে যায়। নিয়মিত ভিজে কাপড় দিয়ে ব্লেড পরিষ্কার রাখলে বাতাসের ধার অনেক বাড়ে।

৩. নাট-বল্টুর চেকআপ

ফ্যান চলতে চলতে অনেক সময় এর নাট বা স্ক্রু আলগা হয়ে যায়। এতে ফ্যান কাঁপতে থাকে এবং সঠিক গতি পায় না। মাসে অন্তত একবার স্ক্রুগুলো পরীক্ষা করে টাইট করে নিন।

৪. গ্রিজ বা লুব্রিকেন্ট ব্যবহার

দীর্ঘদিন ব্যবহারের ফলে ফ্যানের ভেতরের বিয়ারিং-এর গ্রিজ শুকিয়ে যায়। এতে ঘর্ষণ বেড়ে গিয়ে মোটর জ্যাম হতে শুরু করে। ভালো মানের লুব্রিকেন্ট বা গ্রিজ ব্যবহার করলে ফ্যান অনায়াসেই দ্রুত ঘুরতে পারবে।

৫. সঠিক উচ্চতা ও অবস্থান

খুব খোলা জায়গায় বা সরাসরি জানলার পাশে ফ্যান লাগালে বাইরের বাতাসের চাপে এর ঘূর্ণন বাধাগ্রস্ত হতে পারে। ছাদ থেকে ফ্যানটি সঠিক দূরত্বে ঝুলছে কি না, তাও নিশ্চিত করা জরুরি।