ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে ক্ষমতা দখল? ভয় দেখিয়ে লাভ হবে না, বিজেপিকে চ্যালেঞ্জ মমতার

আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই ফের রণংদেহি মেজাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর (SIR) ইস্যুতে চতুর্থ দিনের ধর্নামঞ্চ থেকে সোমবার নির্বাচন কমিশন ও বিজেপিকে বেনজির আক্রমণে বিদ্ধ করলেন তিনি। তাঁর সাফ কথা, ভয় দেখিয়ে বা ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে বাংলার ক্ষমতা দখল করা যাবে না। বিজেপিকে ‘হ্যাংলা’ বলে কটাক্ষ করে তিনি জানান, বাংলার মানুষ মাথা নত করতে জানে না।
কমিশনকে ‘স্পাইডারম্যান’ কটাক্ষ এদিন মুখ্যমন্ত্রীর নিশানায় ছিল নির্বাচন কমিশন। প্রশাসনিক আধিকারিকদের ভয় দেখানোর অভিযোগ তুলে মমতা বলেন, “অফিসারদের যাঁরা ভয় দেখাচ্ছেন, তাঁরা মূর্খের স্বর্গে বাস করছেন। আপনারা ভাবছেন মে মাসের পর ব্যবস্থা নেবেন? আপনারা যেন সুপার গড বা স্পাইডারম্যান হয়ে গিয়েছেন!” দিল্লির কর্তাদের উদ্দেশে তাঁর চ্যালেঞ্জ, “ভোটের পর দু-মাস জবরদস্তি করবেন, কিন্তু তারপর আপনি নিজে কোথায় থাকবেন তার ঠিক নেই। একদিন আপনাদের মানুষের পায়ে পড়তে হবে।”
বিজেপিকে ‘হ্যাংলা’ আক্রমণ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলার জন্য ওরা হ্যাংলা হয়ে গিয়েছে।” তিনি অভিযোগ করেন, হামলা চালিয়ে বা ভয় দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে। মমতার দাবি, “বিজেপি দিল্লি থেকে একদিন যাবেই। তারপর আপনাদের মানুষের মাঝে এনে ফেলব, তখন কৈফিয়ত দিতে হবে।” তৃণমূল নেত্রীর স্পষ্ট বার্তা, তাঁর একমাত্র ইস্যু হলো—সবাইকে ভোটাধিকার দিতে হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া স্বচ্ছ রাখতে হবে।