‘সবাইকে ভোট দিতে দিন’, বিজেপিকে খোলা চ্যালেঞ্জ ছুড়ে ভোটার তালিকা নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

মেট্রো চ্যানেলে এসআইআর (SIR) বিরোধিতার চতুর্থ দিনের ধরনামঞ্চ থেকে নির্বাচন কমিশন এবং বিজেপিকে বেনজির আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, রাজ্যের অফিসারদের ভয় দেখানো হচ্ছে। বিজেপিকে কটাক্ষ করে তাঁর মন্তব্য, “বাংলার জন্য হ্যাংলা হয়ে গিয়েছে বিজেপি।”
কমিশনকে কড়া হুঁশিয়ারি নির্বাচন কমিশনের কড়াকড়ি এবং অফিসারদের বদলি প্রসঙ্গে মমতা বলেন, “অফিসারদের যাঁরা ভয় দেখাচ্ছেন, তাঁরা মূর্খের স্বর্গে বাস করছেন। মে মাসের পর (ভোট মিটলে) আপনি নিজে কোথায় থাকবেন, তার ঠিক নেই। আপনি কি সুপার গড না কি স্পাইডারম্যান হয়ে গিয়েছেন? যা ইচ্ছে তাই করতে পারেন?” তিনি আরও যোগ করেন যে, কমিশন ভোটারদের ভয় দেখাচ্ছে, যা গণতন্ত্রের জন্য বিপজ্জনক।
বিজেপিকে চ্যালেঞ্জ বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের একটাই দাবি, সবাইকে ভোটাধিকার দিন। ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে, হামলা করে ক্ষমতা দখল করা যাবে না। বিজেপি একদিন দিল্লি থেকে যাবেই, তখন আপনাদের মানুষের মাঝেই এনে ফেলব।”
বাঙালি ও বাংলাদেশ বিতর্ক নিজের বক্তব্যে বাংলার আবেগ উসকে দিয়ে তিনি বলেন, “আমি বাংলাদেশের কথা বলিনি, বাংলার কথা বলেছি। দুটোর তফাত আছে। কিন্তু বাংলাকে ভয় দেখিয়ে দখল করার স্বপ্ন সফল হবে না।” মে মাসের ফলাফল যে বিজেপিকে জবাব দেবে, সেই আত্মবিশ্বাসও এদিন শোনা গিয়েছে মমতার গলায়।