বিএলও-দের ভুলে সাধারণ মানুষের ভোগান্তি! ভোটার তালিকা সংশোধনে কড়া অবস্থান বামেদের

কলকাতায় জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সর্বদলীয় বৈঠকে সোমবার বড়সড় দাবি জানাল সিপিআইএম। বৈঠক শেষে মহম্মদ সেলিম অভিযোগ করেন, প্রশাসনিক গাফিলতির কারণে রাজ্যে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। সেলিমের দাবি, “এই বিশাল সংখ্যক মানুষকে বাদ দিয়ে কোনওভাবেই নিরপেক্ষ ভোট সম্ভব নয়। কমিশনকে তাদের সম্মান বজায় রাখতে হবে এবং দ্রুত এই নামগুলো ফিরিয়ে আনতে হবে।” তিনি আরও জানান, বিএলও এবং ইআরও-দের ভুলের কথা পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছে কমিশন।
অন্যদিকে, এদিনের বৈঠকে চমক দিয়েছে বিজেপিও। ২০২১-এর অবস্থান থেকে সরে এসে এবার তারাও রাজ্যে ১ বা ২ দফায় ভোট করানোর দাবি জানিয়েছে। বিজেপির প্রতিনিধি দল ১৬ দফা দাবি পেশ করে জানিয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং স্পর্শকাতর বুথগুলি দ্রুত চিহ্নিত করতে হবে। সাত-আট দফায় ভোটের প্রয়োজনীয়তা নেই বলে মনে করছেন পদ্ম শিবিরের নেতারাও।