“অহংকারী নেতারা রাজনীতি থেকে হারিয়ে যায়”—মেমারির সভা থেকে পরিবর্তনের ডাক দিলেন দিলীপ ঘোষ

রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের ফুলবেঞ্চের উপস্থিতিতেই রাজনৈতিক পারদ তুঙ্গে। একদিকে যখন ভোটার তালিকা সংশোধন বা ‘SIR’ ইস্যুতে মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে পূর্ব বর্ধমানের মেমারি থেকে তাঁকে তীব্র আক্রমণ করলেন দিলীপ ঘোষ। তাঁর সাফ কথা, নির্বাচন কমিশনকে কালো পতাকা দেখানো বা সুপ্রিম কোর্টের রায় না মানার মতো কাজ গণতান্ত্রিক দেশে চলতে পারে না।
দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিয়ে বলেন, “এমন আচরণ করলে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মতো নির্বাসনে যেতে হবে।” তিনি আরও দাবি করেন, রাজ্যে পরিবর্তনের হাওয়া বইছে এবং অহংকারী নেতাদের পতন আসন্ন। মেমারির বামুনপাড়া মোড়ে আয়োজিত সভায় দিলীপ ঘোষ স্পষ্ট জানান, সঠিক জায়গায় প্রতিবাদ না জানিয়ে রাস্তায় ধর্না দেওয়া আসলে পরাজয়ের লক্ষণ। তাঁর মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই বাংলা উন্নয়ন ও কর্মসংস্থানের পথে ফিরবে।