বিশ্বজয়ের উৎসবে রক্তারক্তি! হাওড়ায় জাতীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, জখম একাধিক

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের টানা তৃতীয়বার বিশ্বজয়ের উল্লাসে যখন মাতোয়ারা গোটা দেশ, তখন হাওড়ার ডোমজুড় থানা এলাকায় দেখা গেল এক ভিন্ন ও উদ্বেগজনক ছবি। ডোমজুড়ের শলপ ব্রিজে জাতীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে বাঁকড়া ও শলপ এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়। বচসা থেকে শুরু হওয়া এই বিবাদ মুহূর্তের মধ্যে হাতাহাতি ও রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে শলপ এলাকার অন্তত দুজনের মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার জেরে উত্তেজিত জনতা পথ অবরোধ শুরু করলে এলাকায় ভাঙচুরের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ডোমজুড় থানা ও হাওড়া সিটি পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। শেষ পর্যন্ত পুলিশের লাঠিচার্জে ভিড় ছত্রভঙ্গ হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাকায় নতুন করে অশান্তি রুখতে পুলিশি টহল বাড়ানো হয়েছে এবং সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করার কাজ শুরু করেছে প্রশাসন।