হিন্দু ভোটব্যাঙ্ক আর হুমায়ুন কবীর প্রসঙ্গ; মমতা হারবেনই, বিমানবন্দরে দাবি শুভেন্দু অধিকারীর

রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সফরের মাঝেই রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিলেন শুভেন্দু অধিকারী। সোমবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি দাবি করেন, পয়লা বৈশাখের পরেই যে কোনও দিন রাজ্যে বিধানসভা নির্বাচন শুরু হয়ে যাবে। তৃণমূল সরকারের আয়ু আর মাত্র ৬ সপ্তাহ—এমনই সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। শুভেন্দুর মতে, আগামী কয়েক দিনের মধ্যেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে।
শুভেন্দু এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, “সংখ্যালঘুরা এখন মমতার পাশে নেই, তারা মুসলিম মুখ্যমন্ত্রীর আশায় হুমায়ুন কবীরের দিকে ঝুঁকছে। অন্যদিকে হিন্দুরাও গ্রামেগঞ্জে একজোট হতে শুরু করেছে।” এর পাল্টা জবাবে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার কটাক্ষ করে বলেন, নির্বাচন কমিশন বিজেপির কথা মতোই কাজ করছে। একদিকে যখন রাজ্য প্রশাসন পর্যাপ্ত পুলিশ ও কর্মীর অভাবে এক দফায় ভোট করতে অনীহা প্রকাশ করছে, তখন শুভেন্দুর এই ‘ভবিষ্যদ্বাণী’ রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক উসকে দিয়েছে।