“অভিযুক্তকে না ডেকেই কেন নাম বাদ?”—নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে তথ্যের লড়াইয়ে রাজীব কুমার

কলকাতায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে সোমবার সবচেয়ে বড় চমক ছিল প্রাক্তন পুলিশকর্তা তথা তৃণমূলের রাজ্যসভার প্রার্থী রাজীব কুমারের উপস্থিতি। তৃণমূলের প্রতিনিধি দলে ফিরহাদ হাকিম ও চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে যোগ দিয়ে প্রথম বৈঠকেই কমিশনের ত্রুটি ধরিয়ে দিলেন তিনি। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া অর্থাৎ ‘ফর্ম-৭’ নিয়ে বড়সড় অসঙ্গতির তথ্য তুলে ধরেন রাজীব কুমার। তাঁর প্রশ্ন—যার বিরুদ্ধে অভিযোগ করে নাম বাদ দেওয়ার আবেদন জানানো হচ্ছে, তাকে না ডেকেই কীভাবে ডিলিশন সম্ভব?
এদিকে, বৈঠক শেষে নির্বাচন কমিশনের আচরণ নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর দাবি, তৃণমূলকে একেবারে শেষে ডাকা হয়েছিল এবং কথা বলতে গেলেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাঁকে ‘ডোন্ট শাউট’ (চিৎকার করবেন না) বলে ধমক দিয়েছেন। চন্দ্রিমার অভিযোগ, রাজ্যে প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে এবং বিশেষ করে মহিলা ভোটারদের টার্গেট করা হচ্ছে। রাজীব কুমার যখন অকাট্য যুক্তি দিয়ে ফর্ম-৭ সংক্রান্ত গরমিল ব্যাখ্যা করছিলেন, তখন কমিশন চড়া সুরে জবাব দেয় যে, বিষয়টি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। এই বৈঠক ঘিরে কমিশন বনাম তৃণমূলের সংঘাত এখন তুঙ্গে।