লালবাজারের হাতে ৮৩ ‘দাগি’র লিস্ট! ভোটের আগে শহরজুড়ে পুলিশের চিরুনি তল্লাশি, টার্গেটে কারা?

রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি, কিন্তু কলকাতার রাস্তায় কোনোভাবেই যাতে অশান্তির আঁচ না লাগে, তার জন্য কোমর বেঁধে নেমেছে লালবাজার। সোমবার শহরের সব থানা থেকে সম্ভাব্য গোলমাল সৃষ্টিকারীদের তালিকা জমা পড়ল কলকাতা পুলিশের সদর দফতরে। গোয়েন্দা বিভাগ সূত্রের খবর, আপাতত ৮৩ জন ‘দাগি’ দুষ্কৃতীর নাম এই বিশেষ তালিকায় নথিভুক্ত করা হয়েছে।
নগরপালের নির্দেশে প্রতিটি থানার অ্যান্টি রাউডি অফিসাররা (ARO) এই ‘রাফ রেজিস্টার’ বা বিশেষ ডাইরি তৈরি করেছেন। তালিকায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ২০২১-এর বিধানসভা এবং ২০২৪-এর লোকসভা নির্বাচনের সময় হিংসায় জড়ানোর অভিযোগ রয়েছে। পুলিশের অভ্যন্তরীণ রিপোর্ট অনুযায়ী, বেহালা এবং সাউথ-ইস্ট ডিভিশনে সবথেকে বেশি (১১ জন করে) দুষ্কৃতীকে চিহ্নিত করা হয়েছে। এর পরেই রয়েছে ভাঙড় এবং ইস্ট ডিভিশন। বেলেঘাটা, তপসিয়া, কড়েয়া এবং ফুলবাগানের মতো স্পর্শকাতর এলাকাগুলোর দুষ্কৃতীদের ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে।
ইতিমধ্যেই তালিকায় থাকা ৮৩ জনের মধ্যে ৬৪ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। বাকিদের ধরতেও দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। লালবাজারের নির্দেশ স্পষ্ট—যারা দীর্ঘদিন ধরে পলাতক, তাদের বিরুদ্ধে অবিলম্বে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে হবে। প্রয়োজনে অভিযুক্তদের সম্পত্তি ক্রোক করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের আগেই শহরকে ‘ক্রাইম ফ্রি’ করতে মরিয়া কলকাতা পুলিশ।