২০ মার্চ জেল থেকে মুক্তি দাঙ্গা মামলার অভিযুক্ত শারজিলের, উমর খালিদের জামিন নিয়ে বাড়ছে জল্পনা

২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লি দাঙ্গা মামলার অন্যতম অভিযুক্ত তথা ছাত্র কর্মী শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তীকালীন জামিন দিল দিল্লির কর্করডুমা আদালত। অসুস্থ মায়ের সেবা করা এবং ভাইয়ের বিয়েতে উপস্থিত থাকার আরজি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শারজিল। সোমবার অতিরিক্ত দায়রা বিচারক সমীর বাজপেয়ী সেই আবেদন মঞ্জুর করেন। আগামী ২০ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত জেলের বাইরে থাকতে পারবেন তিনি।

উল্লেখ্য, গত জানুয়ারিতে সুপ্রিম কোর্ট শারজিল ইমাম এবং উমর খালিদ—উভয়েরই জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। বিচারপতি অরবিন্দ কুমার ও এনভি আঞ্জারিয়ার বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছিল যে, দিল্লি দাঙ্গার বৃহত্তর ষড়যন্ত্রের নেপথ্যে এই দু’জনের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ প্রসিকিউশন দাখিল করতে সক্ষম হয়েছে। তবে একই মামলায় অভিযুক্ত গলফিশা ফাতিমা ও মীরান হায়দার-সহ পাঁচজনকে আদালত স্বস্তি দিলেও, শারজিল ও উমরের বিরুদ্ধে অভিযোগের প্রকৃতি ‘ভিন্ন’ বলে মন্তব্য করেছিল শীর্ষ আদালত।

দিল্লি পুলিশের অভিযোগ অনুযায়ী, সিএএ (CAA) বিরোধী আন্দোলনের সময় জনজীবন বিপর্যস্ত করতে এবং সাম্প্রদায়িক দাঙ্গা ছড়াতে একটি “সুপরিকল্পিত” ষড়যন্ত্র করা হয়েছিল, যার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন শারজিল। ওই দাঙ্গায় ৫৩ জনের মৃত্যু হয়েছিল। বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপ্রক্রিয়া চললেও, ব্যক্তিগত কারণ দেখিয়ে এই ১০ দিনের সাময়িক স্বস্তি পেলেন জেএনইউ-এর প্রাক্তন এই ছাত্র।