বিনীত গোয়েলকে ধমক, ‘কমিশন সব জানে’! প্রশাসনিক বৈঠকে রণংদেহি মেজাজে মুখ্য নির্বাচন কমিশনার

কলকাতায় প্রশাসনিক কর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে নজিরবিহীন কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। আসন্ন নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্য ও কেন্দ্রের একাধিক সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেই বৈঠকেই কাজের গাফিলতি নিয়ে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল (DG) বিনীত গোয়েলকে কার্যত ভর্ৎসনা করেন তিনি। জ্ঞানেশের স্পষ্ট বার্তা—কাজে বিন্দুমাত্র ত্রুটি হলে কাউকেই রেহাই দেওয়া হবে না।
সূত্রের খবর, ভোটার তালিকা সংশোধন (SIR) সংক্রান্ত কিছু আধিকারিকের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে কমিশন। জ্ঞানেশ কুমার হুঁশিয়ারি দিয়ে বলেন, “প্রত্যেক আধিকারিকের কাজের ডিজিটাল রেকর্ড কমিশনের নখদর্পণে রয়েছে। দায়িত্ব পালনে অবহেলা ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” বৈঠকের এক পর্যায়ে পশ্চিমবঙ্গে এখনও কেন ‘নার্কোটিক্স অ্যাডভাইজরি কমিটি’ গঠন করা হয়নি, তা নিয়ে প্রশ্ন ওঠে। ডিজি বিনীত গোয়েল যখন এই বিষয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন, তখন তাঁকে থামিয়ে দিয়ে কমিশনার বলেন, “বসুন, কমিশন সব জানে।”
বৈঠকে আরএসআই (RBI), আবগারি দফতর, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং মাদক নিয়ন্ত্রণ সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। ভোটের আগে অবৈধ টাকা ও মদের প্রবাহ রুখতে নজরদারি দ্বিগুণ করার নির্দেশ দেওয়া হয়েছে। জ্ঞানেশ কুমারের এই কড়া মনোভাব স্পষ্ট করে দিয়েছে যে, নির্বাচনের স্বচ্ছতা রক্ষায় রাজ্য বা কেন্দ্র—কোনো সংস্থার খামতিই বরদাস্ত করবে না কমিশন।