“ফর্মের অভাবে রাতের পর রাত কেঁদেছি!”—বিশ্বজয়ের পর আবেগপ্রবণ হয়ে একী বললেন অভিষেক শর্মা?

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবাসরীয় রাতে ইতিহাস গড়েছে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডকে ৯৬ রানে উড়িয়ে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল সূর্যকুমার যাদবের দল। আর এই মেগা ফাইনালে ভারতের জয়ের অন্যতম কারিগর তরুণ ওপেনার অভিষেক শর্মা। ২১ বলে ৫২ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে কিউই বোলারদের কার্যত দিশেহারা করে দেন তিনি। ২৪৭.৬২ স্ট্রাইক রেটের সেই ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছক্কা।
তবে এই সাফল্যের রাস্তাটা মোটেও মসৃণ ছিল না। ম্যাচ শেষে ট্রফি হাতে আবেগঘন হয়ে পড়েন অভিষেক। তিনি জানান, টুর্নামেন্টের মাঝপথে ফর্ম হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। অভিষেকের কথায়, “আমি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। এমন পরিস্থিতির মুখে আগে কখনও পড়িনি। রাতের পর রাত না ঘুমিয়ে কেঁদেছি।” কঠিন সময়ে অধিনায়ক সূর্যকুমার যাদব এবং কোচের সমর্থনই তাঁকে নতুন জীবন দেয়। অভিষেক বলেন, “সূর্য ভাই আমায় বলেছিলেন—গুরুত্বপূর্ণ ম্যাচেই তুমি আমাদের জেতাবে। সেই একটা কথা আমার আত্মবিশ্বাস বদলে দিয়েছিল।” ভারত প্রথমে ব্যাট করে ২৫৫ রান তোলার পর নিউজিল্যান্ডকে ১৫৯ রানে অলআউট করে জয় নিশ্চিত করে। এই ঐতিহাসিক জয়ের পর অভিষেক তৃপ্তির হাসি হেসে বলেন, “সবার বিশ্বাসের দাম রাখতে পেরেছি, এটাই সবচেয়ে বড় পাওনা।”