প্রাক্তন প্রেমিকা ভেবে ভুল! গুরুগ্রামে অন্য মহিলার ওপর অ্যাসিড হামলা উন্মত্ত যুবকের

গুরুগ্রামের সেক্টর ১০ এলাকার সিভিল হাসপাতাল চত্বরে ঘটে গেল এক রোমহর্ষক কাণ্ড। কেবল পোশাকের মিল থাকার কারণে নিজের প্রাক্তন প্রেমিকা ভেবে অন্য এক ৩২ বছর বয়সি মহিলার ওপর অ্যাসিড ছুড়ল এক যুবক। রবিবার রাতের এই ঘটনায় শিউরে উঠেছেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ সূত্রে খবর, মূল টার্গেট ছিলেন ২০ বছর বয়সি এক তরুণী। নুহের বাসিন্দা ওই তরুণী গুরুগ্রামে তাঁর মাসির বাড়িতে এসেছিলেন। তাঁর অভিযোগ, ২৪ বছর বয়সি এক যুবক, যে তাঁর প্রাক্তন প্রেমিক, দীর্ঘদিন ধরেই তাঁকে হেনস্থা করছিল। রবিবার বিকেলে ওই যুবক রড দিয়ে তরুণীর মাথায় আঘাত করে। যন্ত্রণায় ছটফট করতে করতে চিকিৎসার জন্য সিভিল হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে পৌঁছান ওই তরুণী। ঘাতক প্রেমিক সেখানেই তাঁর পিছু নেয়।

হাসপাতালে তখন চিকিৎসা করাচ্ছিলেন অন্য এক ৩২ বছর বয়সি মহিলা। কাকতালীয়ভাবে ওই তরুণী এবং আক্রান্ত মহিলার পোশাকের ধরণ ও রঙ অনেকটা একই ছিল। ইমার্জেন্সি ওয়ার্ডের কাচের আড়াল থেকে যুবকটি পেছন থেকে ওই মহিলার ওপর অ্যাসিড ছুড়ে চম্পট দেয়। আক্রান্ত মহিলার আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় তাঁকে রোহতকের পিজিআইএমএস-এ স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের সন্ধান শুরু করেছে।