ধর্মতলায় মমতার চরম হুঁশিয়ারি! ‘এক সেকেন্ডে ১২টা বাজিয়ে দেবে’, কাকে ইঙ্গিত করলেন মুখ্যমন্ত্রী?

ধর্মতলার ধর্নামঞ্চ থেকে এবার এক বিস্ফোরক মন্তব্য করে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারের সেই বক্তৃতার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, যা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। যদিও মুখ্যমন্ত্রী সরাসরি কোনো ধর্মের নাম নেননি, তবে তাঁর ‘কমিউনিটি’ এবং ‘জোট বাঁধা’ সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে মেরুকরণের রাজনীতির অভিযোগ তুলছে বিরোধী শিবির।
কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? ভাইরাল হওয়া ভিডিওতে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে, “আমরা আছি বলে আপনারা সবাই ভালো আছেন। যদি আমরা না থাকি, যদি তেমন দিন আসে তাহলে এক সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে এক সেকেন্ডে দেবে একদম ১২টা বাজিয়ে। যদি নিজেদের ১৩টা বাজাতে না চান, তাহলে বিজেপির অপ্রচারে কেউ ভুল বুঝবেন না।” মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে হাতিয়ার করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, মমতা আসলে পরোক্ষভাবে হিন্দুদের ভয় দেখানোর চেষ্টা করছেন। শুভেন্দুর পালটা তোপ, “মুসলিমরা এখন হুমায়ুন কবীরের পাশে, আর হিন্দুরাও এবার জোট বাঁধতে শুরু করেছে।”
বিজেপির কড়া প্রতিক্রিয়া ও ভিডিও বিতর্ক: নেটিজেনদের একাংশ এবং বিজেপি ঘনিষ্ঠ মহলের দাবি, মুখ্যমন্ত্রী এখানে বাঙালি হিন্দুদের সতর্ক করে দিয়েছেন। প্রদীপ ভাণ্ডারী নামক এক সোশ্যাল মিডিয়া ইউজার ভিডিওটি শেয়ার করে লিখেছেন, তৃণমূল এখন সরাসরি হিন্দু বিদ্বেষের আশ্রয় নিচ্ছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম। অন্যদিকে, মমতা এদিন অভিযোগ করেন যে তাঁর ধর্নামঞ্চের কাছে বিজেপির এজেন্টরা লিফলেট বিলি করছে। তিনি কর্মীদের নির্দেশ দেন, “বিজেপির লোকজনকে হাতেনাতে ধরুন এবং পুলিশের হাতে তুলে দিন। এদের নামে এফআইআর (FIR) করতে হবে।” বিজেপিকে ‘চোর’ এবং ‘ভীতু’ বলেও কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো।