ডার্ক কমেডি না কি খুনের রহস্য? টলিপাড়ায় শোরগোল ফেলল ‘তারকাটা’র প্রথম লুক!

টলিউডে নতুন অধ্যায় শুরু করলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। দেব, জিৎ বা অঙ্কুশের পর এবার নিজের প্রযোজনা সংস্থা ‘বিক্রম চ্যাটার্জি ফিল্মস’ নিয়ে ময়দানে নামলেন তিনি। আর তাঁর প্রথম নিবেদন হতে চলেছে পরিচালক শমীক রায়চৌধুরীর ওয়েব সিরিজ ‘তারকাটা’। সোমবার থেকেই কলকাতায় এই সিরিজের শুটিং শুরু হয়েছে।
সিরিজটির বিশেষত্ব কী? অভিনেতা তথা প্রযোজক বিক্রমের কথায়, “এই গল্পের প্রোটাগনিস্ট অগ্নি। চরিত্রটির মধ্যে এক অদ্ভুত মজা আছে। ডার্ক হিউমার বা ডার্ক কমেডির মিশেলে এমন চিত্রনাট্যে আগে কাজ করিনি।” গল্পটি মূলত আবর্তিত হয়েছে একজন প্রাক্তন পুলিশ অফিসারকে কেন্দ্র করে, যে তার শিকড়ে ফিরে আসে একটি জটিল মৃত্যু-রহস্যের সমাধান করতে। কেন সেই অফিসার ফিরে এল? অতীতের কোন রহস্য তাকে তাড়া করে বেড়াচ্ছে? সেই সব প্রশ্নের উত্তর মিলবে এই সিরিজে। অ্যাকশন এবং ডার্ক কমেডির এক টানটান প্যাকেজ হতে চলেছে ‘তারকাটা’।
কাস্টিংয়েও রয়েছে বড় ধামাকা। বিক্রম ছাড়াও স্ক্রিন শেয়ার করবেন প্রিয়াঙ্কা সরকার, মেইয়াং চ্যাং, সত্যম ভট্টাচার্য এবং আয়ুষ দাস। সবচেয়ে বড় চমক হতে চলেছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের উপস্থিতি। শোনা যাচ্ছে, একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছে। পরিচালক শমীক বলেন, “ভিক্টর মুখোপাধ্যায়ের কনসেপ্ট থেকে এই চিত্রনাট্য তৈরি। মেইয়াং চ্যাং বা প্রিয়াঙ্কার মতো গুণী শিল্পীদের সঙ্গে কাজ করা সবসময়ই আনন্দের। আমরা দর্শকদের একদম নতুন এক জগতের সঙ্গে পরিচয় করাতে চাই।”