১ কোটি টাকার ঘুষে রফা! ২০ লাখের প্রথম কিস্তি নিতে গিয়েই জালে বাঘা বাঘা জিএসটি অফিসার

মহারাষ্ট্রের নাসিক শহরে সরকারি দুর্নীতির এক কদর্য রূপ প্রকাশ্যে এল। খোদ জিএসটি (GST) দপ্তরের দুই সিনিয়র অফিসার এবং এক মধ্যস্থতাকারীকে হাতেনাতে গ্রেফতার করল মহারাষ্ট্র অ্যান্টি-করাপশন ব্যুরো (ACB)। অভিযোগ, এক ব্যবসায়ীর জিএসটি সংক্রান্ত তদন্ত ধামাচাপা দেওয়ার নামে আকাশছোঁয়া ১.২৫ কোটি টাকা ঘুষ দাবি করেছিলেন ওই আধিকারিকরা। শেষ পর্যন্ত রফাদফা হয় ১ কোটি টাকায়। আর সেই দুর্নীতির প্রথম কিস্তি হিসেবে ২০ লক্ষ টাকা নগদ নিতে গিয়েই পুলিশের পাতা ফাঁদে পা দেন তারা।
ঘটনার সূত্রপাত কয়েক সপ্তাহ আগে, যখন নাসিকের দামোদর চক এলাকায় এক ব্যবসায়ীর অফিসে হানা দেন জিএসটি আধিকারিকরা। তদন্তে কিছু ছোটখাটো অনিয়ম পাওয়ার পরই শুরু হয় ব্ল্যাকমেলিং। নাসিক ডিভিশনের স্টেট ট্যাক্স ডেপুটি কমিশনার সোমনাথ দত্তু পেজ (৪৭) এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার মছিন্দ্র বিঠ্ঠল দোন্ডে (৫৫) ওই ব্যবসায়ীর কাছে তদন্ত মিটিয়ে দেওয়ার বিনিময়ে মোটা টাকা দাবি করেন। উপায়ান্তর না দেখে ওই ব্যবসায়ী মুম্বাইয়ের ওরলি এসিবি অফিসে অভিযোগ জানান। ৪ মার্চ তদন্তকারীরা নিশ্চিত হন যে ঘুষের দাবি সত্যি। ৬ মার্চ পাথর্দি ফাটা এলাকার জিএসটি অফিসে ফাঁদ পাতে এসিবি। মধ্যস্থতাকারী অমিত হিরামণ যাদব অফিসারদের হয়ে ২০ লক্ষ টাকা নিতে এলেই তাকে হাতেনাতে ধরা হয়। এরপরই গ্রেফতার করা হয় দুই দুঁদে অফিসারকে। তল্লাশিতে ডেপুটি কমিশনারের অফিস থেকে আরও ২ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। এই ঘটনা মহারাষ্ট্রের প্রশাসনিক মহলে ভূমিকম্প সৃষ্টি করেছে এবং কর ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।