ভোটের গোপন ফুটেজ কি এবার হবে ফাঁস? কমিশনের মেগা বৈঠকে রঞ্জিত শ্রীবাস্তবের মাস্টারপ্ল্যান!

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে তৎপরতা শুরু করে দিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে নিরাপত্তা এবং স্বচ্ছতা বজায় রাখাই এখন কমিশনের প্রধান লক্ষ্য। বিশেষত, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার ‘ওয়েবকাস্টিং’ ব্যবস্থাকে নিশ্ছিদ্র করতে চাইছে কমিশন। সোমবার এই সংক্রান্ত এক হাই-ভোল্টেজ বৈঠকে টেকনিক্যাল অ্যাডভাইজার রঞ্জিত শ্রীবাস্তব একটি বিশেষ প্রেজেন্টেশন দেবেন।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচন কিংবা ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং করার লক্ষ্যমাত্রা নেওয়া হলেও কারিগরি কারণে তা শেষ পর্যন্ত বাস্তবায়িত করা সম্ভব হয়নি। উল্টে গত নির্বাচনে ওয়েবকাস্টিং নিয়ে মারাত্মক অভিযোগ উঠেছিল। অভিযোগ ছিল, বুথের ভেতরের গোপন ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছিল, যা নির্বাচন প্রক্রিয়ার গোপনীয়তা ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে দাঁড় করায়। এবার যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয় এবং ওয়েবকাস্টিং-এর ফুটেজ যাতে সম্পূর্ণ সুরক্ষিত থাকে, সেই বিষয়েই নতুন প্রেজেন্টেশন দেবেন রঞ্জিত শ্রীবাস্তব। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সামনে এই নতুন সুরক্ষা কবচের ব্লু-প্রিন্ট পেশ করা হবে।

অন্যদিকে, রবিবার রাতেই কলকাতায় পা রেখেছে কমিশনের ফুল বেঞ্চ। আজই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তাঁরা। ভোটার তালিকায় থাকা ‘বিবেচনাধীন’ বা ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ (Under Adjudication) ভোটারদের নথি যাচাইয়ের কাজ কতদূর এগোল, তা নিয়ে ইতিমধ্যে খোঁজ নিয়েছেন জ্ঞানেশ কুমার। জুডিশিয়াল অফিসাররা প্রতিদিন কতগুলি করে অভিযোগ নিষ্পত্তি করছেন এবং সাপ্লিমেন্টারি তালিকা কবে প্রকাশ করা সম্ভব, সেই বিষয়েও বড় কোনো ঘোষণা আসতে পারে আজকের বৈঠকের পর। কমিশন চাইছে নির্বাচনের আগেই ভোটার তালিকা সম্পূর্ণ ত্রুটিমুক্ত করতে, যাতে ভোট নিয়ে কোনো রাজনৈতিক তরজা না থাকে।