“সুপ্রিম কোর্টে গিয়েছেন, বেশ করেছি!” জ্ঞানেশ কুমারের ধমক খেয়ে রণংদেহি মেজাজে চন্দ্রিমা

দিল্লির পর এবার কলকাতাতেও নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সংঘাত চরম পর্যায়ে পৌঁছাল। সোমবার কলকাতায় রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কিন্তু সেই বৈঠক থেকে বেরিয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও ফিরহাদ হাকিম যে অভিযোগ তুললেন, তাতে তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূলের দাবি, তাঁদের অভাব-অভিযোগ শোনা তো দূর অস্ত, উল্টে তাঁদের ওপর চিৎকার করেছেন জ্ঞানেশ কুমার।
বৈঠকের অন্দরে আসল বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল রাজ্যের ‘এসআইআর’ (SIR) বা ভোটার তালিকা সংশোধন ইস্যু। এই বিষয়ে তৃণমূল ও কংগ্রেস সুপ্রিম কোর্টে মামলা করায় দৃশ্যত ক্ষুব্ধ ছিলেন কমিশনার। অভিযোগ, কংগ্রেসের প্রতিনিধি দলের প্রশ্নের উত্তরে জ্ঞানেশ কুমার সাফ বলেন, “আপনারা তো সুপ্রিম কোর্টে মামলা করেছেন, এখন ৬০ লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে আমায় কেন জিজ্ঞেস করছেন?”
একই সুর শোনা গিয়েছে তৃণমূলের সঙ্গে বৈঠকেও। চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি, তাঁরা যখন ভোটার তালিকা নিয়ে সরব হন, তখন কমিশনার মেজাজ হারিয়ে চিৎকার করে ওঠেন। চন্দ্রিমা সাংবাদিকদের বলেন, “উনি বারবার বলছেন আমরা কেন সুপ্রিম কোর্টে গিয়েছি। আমরা মানুষের অধিকারের জন্য গিয়েছি, বেশ করেছি! আমাদের অধিকার আছে শীর্ষ আদালতে যাওয়ার।” তৃণমূল নেত্রীর পাল্টা প্রশ্ন, যদি সব বিষয় সুপ্রিম কোর্টের ওপর ছেড়ে দেওয়া হয়, তবে রাজনৈতিক দলগুলিকে ঘটা করে ডাকা হলো কেন? শোনা না হলে ডাকার কোনো মানে হয় না।
সব মিলিয়ে, ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনের কড়া অবস্থান এবং তৃণমূলের পালটা চ্যালেঞ্জ— ছাব্বিশের ভোটের আগে বাংলার রাজনৈতিক আবহাওয়াকে আরও তপ্ত করে তুলল।