চলন্ত ট্রেনে পাথরবৃষ্টি! অসমে রেলের জালে ২ দুষ্কৃতী, সুরক্ষা নিয়ে বড় পদক্ষেপ আরপিএফ-এর

উত্তর-পূর্ব সীমান্ত রেলে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে এক বিশাল সাফল্য অর্জন করল রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF)। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ, ২০২৬-এর মধ্যে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন স্টেশনে ঝটিকা অভিযান চালিয়ে পাথরবাজদের গ্রেফতারের পাশাপাশি বিপুল পরিমাণ মাদকও উদ্ধার করেছেন রেলকর্মীরা।
গত ২ মার্চ হোজাইর ধলপুখুরি ও লঙ্কা সেকশনের মাঝে ১৩১৭৬ ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। যদিও সেই ঘটনায় জানালার কাচ ক্ষতিগ্রস্ত হলেও কোনও যাত্রী আহত হননি। তবে ৪ মার্চ কামাখ্যা স্টেশনের কাছে ১৫৯৪৬ ডাউন ট্রেনে পাথর ছোড়ার ঘটনায় এক যাত্রী গুরুতর আহত হন। আরপিএফ তৎক্ষণাৎ অভিযান চালিয়ে ওই অভিযুক্তকেও গ্রেফতার করেছে। দুই ক্ষেত্রেই রেলওয়ে আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে।
পাশাপাশি, মাদক পাচার রুখতেও বড়সড় সাফল্য মিলেছে। ২ মার্চ নিউ আলিপুরদুয়ার স্টেশনে ০১৬৬৬ ডাউন ট্রেন থেকে প্রায় ২৫.৪৫ লক্ষ টাকা মূল্যের ৫১ কেজি গাঁজা উদ্ধার করেছে আরপিএফ ও জিআরপি। এছাড়া গুয়াহাটি, রঙিয়া, কাটিহার ও কিষাণগঞ্জ স্টেশন থেকে বিপুল পরিমাণ বেআইনি মদ বাজেয়াপ্ত করা হয়েছে।
শুধুমাত্র অপরাধ দমনই নয়, মানবিকতার নজিরও গড়েছে আরপিএফ। ২ থেকে ৪ মার্চের মধ্যে গুয়াহাটি, বদরপুর ও লামডিং স্টেশন থেকে বেশ কয়েকজন পলাতক নাবালক এবং অসহায় যাত্রীকে উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের চাইল্ডলাইন বা পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আরপিএফ-এর এই সক্রিয়তা রেলযাত্রীদের মধ্যে সুরক্ষার ভরসা জোগাচ্ছে।