নির্বাচন কমিশনারের ধমক খেয়ে মেজাজ হারালেন চন্দ্রিমা! “মহিলাদের শ্রদ্ধা করেন না”, বিস্ফোরক অভিযোগ মন্ত্রীর

রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে কলকাতায় এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোমবার সল্টলেকের এক বেসরকারি হোটেলে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমার। কিন্তু সেই বৈঠক থেকেই শুরু হলো নতুন বিতর্ক। বৈঠকের মাঝেই তৃণমূল নেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে ‘ডোন্ট শাউট’ (চিৎকার করবেন না) বলে কমিশনারের ধমক দেওয়ার অভিযোগ উঠল, যা নিয়ে সরব হয়েছে ঘাসফুল শিবির।

বৈঠক শেষে বেরিয়ে ক্ষোভে ফেটে পড়েন চন্দ্রিমা ভট্টাচার্য। সাংবাদিকদের সামনে তিনি বলেন, “আমি একজন মহিলা নেত্রী, আমাকে বলা হচ্ছে ‘ডোন্ট শাউট’! মহিলাদের প্রতি আসলে ওঁদের কোনও শ্রদ্ধাই নেই।” চন্দ্রিমা অভিযোগ করেন যে, ভোটার তালিকা সংশোধনের নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অনেক মহিলার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই গুরুতর বিষয় নিয়ে প্রশ্ন তুলতেই কমিশনার তাঁকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেন বলে তাঁর দাবি।

তৃণমূল নেত্রীর সাফ কথা, “ভোটার তালিকায় যদি কারও নাম না থাকে, তবে সেই দায় সম্পূর্ণ কমিশনের। সাধারণ মানুষ কেন বারবার লাইনে দাঁড়িয়ে নিজের নাগরিকত্ব প্রমাণ করবে? আমার নাম বাদ পড়লে তা প্রমাণ করার দায়িত্ব আপনাদের।” তিনি এই ঘটনাকে কেবল রাজনৈতিক সংঘাত নয়, বরং নারীবিরোধী আচরণ হিসেবেই দেখছেন।

উল্লেখ্য, ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কমিশনের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্য়েই বিজেপি এবং সিপিএম কমিশনের কাছে এক বা দুই দফায় ভোট করানোর দাবি জানিয়েছে। কিন্তু তৃণমূলের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর চন্দ্রিমার এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। কমিশনের এই ‘শোভন’ আচরণ নিয়ে এখন উত্তাল বাংলার রাজনৈতিক মহল।

Saheli Saha
  • Saheli Saha