চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ! বিজেপি নেতার নামে ‘ফেরত দাও’ পোস্টার ঘিরে তোলপাড় মেদিনীপুর

নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে মেদিনীপুরের মাটিতে। এবার খোদ বিজেপি নেতার বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে পোস্টার পড়ল পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। এই ঘটনাকে কেন্দ্র করে দাসপুর ১ নম্বর ব্লকের কলোড়া এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। পোস্টারে সরাসরি অভিযুক্ত করা হয়েছে স্থানীয় বিজেপি নেতা তপন দত্তকে।

স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে এলাকার বাসিন্দারা দেওয়ালে দেওয়ালে ওই পোস্টারগুলি দেখতে পান। সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে, চাকরির প্রতিশ্রুতি দিয়ে তপন দত্ত যে টাকা নিয়েছেন, তা অবিলম্বে ফেরত দিতে হবে। এই পোস্টার কে বা কারা লাগিয়েছে, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও রাজনীতির আঙিনায় শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। বিরোধীদের দাবি, সাধারণ মানুষকে বোকা বানিয়ে টাকা লুটেছে বিজেপি নেতৃত্ব। অন্যদিকে, বিজেপির অন্দরেই কানাঘুষো চলছে যে, এটি দলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল হতে পারে।

এই ঘটনা নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের দাবি, “বিজেপির আসল রূপ এখন মানুষের সামনে বেরিয়ে আসছে।” যদিও অভিযুক্ত বিজেপি নেতা তপন দত্তর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে ভোটের মুখে এমন দুর্নীতির পোস্টার যে গেরুয়া শিবিরের ভাবমূর্তিতে বড় ধাক্কা, তা মানছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পুলিশ এই পোস্টার রহস্যের তদন্ত শুরু করেছে।