ডিভোর্স জল্পনায় জল ঢেলে মাঝরাস্তায় নাচ শুরু ঐশ্বর্য-অভিষেকের! আম্বানিদের সামনেই যা ঘটল…

গত কয়েক মাস ধরে বলিপাড়ার অলিতে-গলিতে একটাই চর্চা—বচ্চন পরিবারের ভাঙন। অভিষেক ও ঐশ্বর্য রাই বচ্চনের বৈবাহিক জীবনে চিড় ধরেছে কি না, তা নিয়ে জল্পনার অন্ত ছিল না। তবে সম্প্রতি মুম্বইয়ের এক হাই-প্রোফাইল বিয়ের আসর থেকে যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তা কার্যত নিন্দুকদের মুখে ছাই দিয়ে দিয়েছে। মুদিত আদানি এবং অনন্যা দিওয়ানজির রাজকীয় বিয়ের অনুষ্ঠানে ঐশ্বর্য ও অভিষেকের রসায়ন দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, ২০০৭ সালের ব্লকবাস্টার ছবি ‘সালাম-এ-ইশক’-এর গানে মাতোয়ারা অভিষেক ও ঐশ্বর্য। হাসিমুখে একে অপরের হাত ধরে গানের ছন্দে পা মেলাচ্ছেন এই তারকা দম্পতি। শঙ্কর-এহসান-লয়-এর সুর করা সেই কালজয়ী গানের তালে তাঁদের সাবলীল উপস্থিতি যেন বুঝিয়ে দিল—বাইরে যা-ই রটুক না কেন, তাঁদের রসায়ন আজও অটুট। শুধু নাচই নয়, ভিডিওতে দুজনের খোশমেজাজে গল্প করতেও দেখা গিয়েছে, যা তাঁদের বিচ্ছেদের গুঞ্জনকে এক নিমেষে নস্যাৎ করে দেয়।

আদানি পরিবারের এই জাকজমকপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের তাবড় ব্যক্তিত্বরা। ঐশ্বর্য-অভিষেকের এই নাচের সময় নীতা আম্বানি-সহ উপস্থিত অন্যান্য বিশিষ্ট অতিথিদেরও হাততালি দিয়ে তাঁদের উৎসাহ দিতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের মধ্যে খুশির জোয়ার। অনেকেই মন্তব্য করেছেন, “রাজা ও রানি আবার একসঙ্গে!”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অভিষেক ও ঐশ্বর্যকে বারবার জনসমক্ষে একসঙ্গে দেখা যাচ্ছে। চলতি মাসের ৫ তারিখ কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকর এবং সানিয়া চাধার বিয়েতেও সপরিবারে হাজির হয়েছিলেন তাঁরা। সেই অনুষ্ঠানেও তাঁদের মধ্যে কোনো তিক্ততার চিহ্ন মেলেনি। বিশেষজ্ঞরা মনে করছেন, বারবার এভাবে একসঙ্গে হাজির হওয়া এবং রাজকীয়ভাবে নাচের এই ভিডিও আসলে তাঁদের বিচ্ছেদের খবরের কফিনে শেষ পেরেক। মুম্বইয়ের এই বিয়ের মরশুমে বচ্চন দম্পতির এমন ঝলমলে উপস্থিতি কেবল সৌজন্যের খাতিরে নয়, বরং সম্পর্কের গভীরতা প্রমাণের জন্য যথেষ্ট বলে মনে করছেন ঘনিষ্ঠ মহল।