ভোট মিটলেই জয়েন্ট এন্ট্রান্স! ২৪ মে পরীক্ষার দিন ঘোষণা করল বোর্ড, কবে থেকে আবেদন? জানুন খুঁটিনাটি

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দামামা বাজার মাঝেই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর শোনাল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। ভোট প্রক্রিয়া মিটতেই আগামী ২৪ মে, রবিবার রাজ্যজুড়ে আয়োজিত হতে চলেছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE 2026)। সল্টলেকের ‘রূপান্ন’ ভবন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখ থেকে শুরু করে আবেদন প্রক্রিয়ার বিস্তারিত সূচি জানিয়ে দেওয়া হয়েছে।
রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এবং ফার্মাসি কোর্সে স্নাতক স্তরে ভর্তির জন্য এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোর্ডের ঘোষণা অনুযায়ী, আগামী ১০ মার্চ থেকে অনলাইনে ফর্ম পূরণ শুরু হবে। ইচ্ছুক ছাত্রছাত্রীরা www.wbjeeb.nic.in অথবা www.wbjeeb.in ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। অনলাইনে ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ৫ এপ্রিল। যদি ফর্মে কোনও ভুল থাকে, তবে তা সংশোধনের জন্য ৭ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হবে।
পরীক্ষার ঠিক ৯ দিন আগে অর্থাৎ ১৫ মে থেকে ২৪ মে পর্যন্ত অনলাইন থেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। ২৪ মে পরীক্ষা হবে দুই দফায়। প্রথম দফায় সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হবে গণিত (Mathematics) পরীক্ষা। দ্বিতীয় দফায় দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত হবে পদার্থবিদ্যা ও রসায়ন (Physics & Chemistry)। উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর এই পরীক্ষার র্যাঙ্ক অনুযায়ী কাউন্সেলিংয়ের মাধ্যমে ছাত্রছাত্রীরা তাঁদের পছন্দের কলেজে ভর্তির সুযোগ পাবেন। যদিও ফলাফল প্রকাশের তারিখ বোর্ড এখনও ঘোষণা করেনি।