বাংলাদেশে ‘মোস্ট ওয়ান্টেড’, এ রাজ্যে ধরল STF! হাদি খুনের মূল পাণ্ডা গ্রেফতার

ওপার বাংলার হাই-প্রোফাইল ওসমান হাদি হত্যাকাণ্ডে বড়সড় সাফল্য পেল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। রবিবার রাজ্য পুলিশের জালে ধরা পড়ল এই খুনের দুই মূল অভিযুক্ত— রাহুল ওরফে ফয়সাল কিরম মাসুদ এবং আলমগীর হোসেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (DB)-এর তালিকায় এই ফয়সালই ছিল হাদি খুনের প্রধান ষড়যন্ত্রকারী।

রাজ্য পুলিশের জালে ‘মোস্ট ওয়ান্টেড’ গোপন সূত্রে খবর পেয়ে এক রুদ্ধশ্বাস অভিযানে এই দুই অপরাধীকে গ্রেফতার করে এসটিএফ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ফয়সালের বাড়ি বাংলাদেশের পটুয়াখালীতে এবং আলমগীরের বাড়ি ঢাকায়। বাংলাদেশে এই অপরাধ করার পর সীমান্ত পেরিয়ে এ রাজ্যে গা ঢাকা দিয়েছিল তারা। ঠিক কোন জায়গা থেকে তাদের ধরা হয়েছে, তা তদন্তের স্বার্থে এখনও গোপন রেখেছে পুলিশ।

কে এই ওসমান হাদি? উল্লেখ্য, ওসমান হাদি হত্যাকাণ্ড বাংলাদেশে এক বিশাল রাজনৈতিক ও সামাজিক আলোড়ন সৃষ্টি করেছিল। হাদি গুরুতর জখম হওয়ার পর খোদ ইউনূস সরকার তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠিয়েছিল। গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরের হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। হাদির মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পর্যন্ত ঘোষণা করা হয়েছিল।

তদন্তে নতুন মোড় ঢাকা গোয়েন্দা পুলিশের দাবি অনুযায়ী, ফয়সালই ছিল এই খুনের ব্লু-প্রিন্ট রচয়িতা। ঘটনার পর থেকেই সে পলাতক ছিল। অবশেষে পশ্চিমবঙ্গের এসটিএফ-এর হাতে তার ধরা পড়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ওয়াকিবহাল মহলের মতে, ধৃতদের জেরা করলে এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা আরও প্রভাবশালীদের নাম সামনে আসতে পারে।

বর্তমানে ধৃতদের ট্রানজিট রিমান্ডে নিয়ে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে বলে অনুমান করা হচ্ছে। দুই দেশের পুলিশি সহযোগিতার মাধ্যমে এই বড় সাফল্য এলো বলে মনে করা হচ্ছে।