চাকরি খুঁজছেন? দশম শ্রেণি পাশ করলেই এলআইসি দিচ্ছে প্রশিক্ষণ ও প্রতি মাসে টাকা উপার্জনের সুযোগ!

পশ্চিমবঙ্গে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ মহিলাদের জন্য বড় সহায়। তবে এবার তাঁদের কেরিয়ার গড়তে ও আর্থিক স্বাধীনতা দিতে ময়দানে নেমেছে জীবন বিমা নিগম বা এলআইসি (LIC)। সংস্থার নতুন ‘বিমা সখী যোজনা’র মাধ্যমে মহিলারা একদিকে যেমন বিমা এজেন্ট হওয়ার প্রশিক্ষণ পাবেন, তেমনই প্রশিক্ষণের প্রথম দিন থেকেই নিশ্চিত আয়ের সুযোগ পাবেন। গ্রাম বা শহর— সব জায়গার মহিলারাই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।

এই প্রকল্পের সবথেকে বড় আকর্ষণ হলো আয়ের স্থায়িত্ব। প্রশিক্ষণের প্রথম বছরেই নির্বাচিত মহিলারা প্রতি মাসে ৭,০০০ টাকা করে পারিশ্রমিক পাবেন। অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে দ্বিতীয় বছরে ৬,০০০ টাকা এবং তৃতীয় বছরে ৫,০০০ টাকা করে মাসিক ভাতা পাওয়া যাবে। প্রশিক্ষণ শেষ হওয়ার পর তাঁরা পূর্ণ সময়ের এলআইসি এজেন্ট হিসেবে কাজ করতে পারবেন এবং আকর্ষণীয় কমিশন উপার্জনের সুযোগ পাবেন। ১৮ থেকে ৭০ বছর বয়সের যেকোনো দশম শ্রেণি পাশ মহিলা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন।

আবেদন প্রক্রিয়াও অত্যন্ত সহজ। নিকটবর্তী এলআইসি শাখায় গিয়ে অফলাইনে অথবা এলআইসি-র অফিসিয়াল ওয়েবসাইট (https://licindia.in/test2) থেকে অনলাইনে ফর্ম পূরণ করা যাবে। দশম শ্রেণির সার্টিফিকেট ও বয়সের প্রমাণপত্র থাকলেই আবেদন করা সম্ভব। তবে মনে রাখতে হবে, যাঁরা আগে থেকেই এলআইসি-র কর্মী বা এজেন্ট, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। ঘরের কাজ সামলে বাড়তি উপার্জনের জন্য মহিলাদের কাছে এটি একটি সুবর্ণ সুযোগ।